পানিতে ডুবে গেছে রাঙ্গামাটির ঝুলন্ত সেতু, চলাচলে নিষেধাজ্ঞা
প্রকাশিত : ২০:৪৩, ২৯ আগস্ট ২০২৬
রাঙ্গামাটি জেলায় উজান থেকে নামা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় পর্যটন কর্পোরেশনের আকর্ষণীয় ঝুলন্ত সেতু পানিতে ডুবে গেছে। এ কারণে ঝুঁকি এড়াতে ও পর্যটকদের নিরাপত্তার স্বার্থে সেতুটিতে চলাচলের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে পর্যটন কর্তৃপক্ষ।
বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গামাটি পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক অলোক বিকাশ চাকমা।
তিনি জানান, গত কয়েকদিনের প্রবল বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছে গেছে। ফলে হ্রদের ওপর নির্মিত ঝুলন্ত সেতুটির পাটাতন পানিতে ডুবতে শুরু করেছে। বর্তমানে সেতুটির বেশির ভাগ অংশ পানির নিচে থাকায় এটি পর্যটকদের পারাপারের জন্য বিপজ্জনক হয়ে পড়েছে। সে কারণে পর্যটকদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়েই সেতুতে চলাচল বন্ধ করা হয়েছে।
তিনি জানান, পানি কমে পরিস্থিতি স্বাভাবিক হলে নিরাপত্তা যাচাই করে পুনরায় সেতুটি খুলে দেওয়া হবে। সেতুর পানি না কমা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে তিনি উল্লেখ করেন।
এদিকে, কাপ্তাই হ্রদের পানির উচ্চতা শনিবার দুপুরে প্রায় ১০৫ দশমিক ৬৪ ফুট এমএসএল-এ পৌঁছেছে। হ্রদের ধারণ ক্ষমতা ১০৯ ফুট এমএসএল। পানি আরও বাড়তে থাকায় কাপ্তাই বাঁধের স্পিলওয়ের জলকপাট খোলার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
এএইচ
আরও পড়ুন










