ঢাকা, বৃহস্পতিবার   ১৩ আগস্ট ২০২৬

একদিনে হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৪, ১৩ আগস্ট ২০২৬ | আপডেট: ১৬:১৮, ১৩ আগস্ট ২০২৬

হামে আক্রান্ত রোগী

হামে আক্রান্ত রোগী

Ekushey Television Ltd.

সারাদেশে একদিনে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ২৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে। 

বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে শুধু ঢাকা বিভাগেই ২ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে চট্টগ্রাম, সিলেট ও রংপুর বিভাগে হামের উপসর্গে একজন করে মোট ৩ শিশুর প্রাণহানি হয়েছে। সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৮৯০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ৭৯১ জন ও হামে আক্রান্ত হয়ে ৯৯ জনের মৃত্যু হয়েছে।

এদিকে দেশেজুড়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৪ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও ৯৫১ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত মোট ১ লাখ ৪০ হাজার ৭৬ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ১৭ হাজার ৫৪৩ জনের হাম শনাক্ত হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ লাখ ২১ হাজার ৯০৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ১ লাখ ১৭ হাজার ৬৯০ জন ছাড়পত্র পেয়েছেন।


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি