ঢাকা, রবিবার   ২২ নভেম্বর ২০২৬

জনগণের ঐক্য গড়তে হলে গণভোটের রায় বাস্তবায়ন জরুরি: এটিএম আজহার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১২, ২২ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

জনগণের প্রকৃত ঐক্য প্রতিষ্ঠা করতে হলে গণভোটে ৭০ শতাংশ মানুষের দেওয়া রায় কার্যকর করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম। তিনি বলেন, কোনো ব্যক্তি বা দলের নয়, বরং জনগণের ঐক্যই তাদের মূল লক্ষ্য। গণভোটের এই রায় বাস্তবায়ন ছাড়া দেশে স্থায়ী শান্তি ফিরে আসবে না।

রোববার (২২ নভেম্বর) রাজধানীর আল ফালাহ মিলনায়তনে দলটির জরুরি জেলা ও মহানগরী আমীর সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংবিধান সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে এটিএম আজহারুল ইসলাম বলেন, সংবিধান সংস্কার না করা হলে দল হিসেবে আওয়ামী লীগ না এলেও ভিন্ন নামে আওয়ামী চরিত্রের কোনো শক্তি ক্ষমতায় এসে পুনরায় ফ্যাসিবাদী হয়ে ওঠার সুযোগ পাবে। এই পথ চিরতরে বন্ধ করতেই তারা জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে নেমেছেন।

দেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির জন্য সরকারকে দায়ী করে জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, পলাতক ফ্যাসিস্ট গোষ্ঠী নতুন করে জ্বালাও-পোড়াও শুরু করেছে। দেশ, সীমান্ত ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব হলেও তারা তা পালনে ব্যর্থ হচ্ছে; বরং ক্ষেত্রবিশেষে সরকার উসকানি দিচ্ছে। কার স্বার্থে বা কাদের খুশি করতে এমন উসকানি দেওয়া হচ্ছে, জাতি আজ তা জানতে চায়।

তিনি আরও উল্লেখ করেন, আওয়ামী লীগ শক্তের ভক্ত ও নরমের যম। জনগণ ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়ালে তাদের পালানোর পথ থাকবে না। সরকারকে কঠোর হাতে সন্ত্রাসীদের দমন করার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের জানমালের নিরাপত্তায় দায়িত্বশীল দল হিসেবে জামায়াতে ইসলামী সব সময় মাঠে থাকবে এবং সরকারকে অবশ্যই জনগণের ন্যায্য দাবি মেনে নিতে হবে।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ওই নির্বাচনে জনগণ সরকার গঠনের পাশাপাশি সংবিধান সংস্কারের পক্ষেও গণভোট দিয়েছিল। জামায়াতের নির্বাচিত প্রতিনিধিরা সংসদে গিয়ে সংসদ সদস্য ও গণপরিষদ সদস্য—উভয় হিসেবেই শপথ নিয়েছেন। কিন্তু বিএনপি কেবল একটি শপথ নিয়ে গণপরিষদের শপথ থেকে বিরত থেকেছে, যা জনগণের সঙ্গে প্রতারণা এবং ওয়াদা ভঙ্গের শামিল।

বিএনপির প্রতি আহ্বান জানিয়ে এটিএম আজহারুল ইসলাম বলেন, এখনো সময় আছে; তাদের উচিত সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে সংস্কার প্রক্রিয়ায় অংশ নেওয়া। জুলাই সনদ, গণভোটের রায় বাস্তবায়ন এবং চব্বিশের চেতনার ভিত্তিতেই জাতীয় ঐক্য গড়ে উঠবে। জামায়াত কখনোই জনগণের সাথে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করবে না।

সরকারের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, দেশ ও জাতির নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো পদক্ষেপ জনগণ মেনে নেবে না। সরকারের সব কার্যক্রমের ভিত্তি হতে হবে জুলাই সনদের দ্রুত বাস্তবায়ন, যার মাধ্যমেই প্রকৃত জাতীয় ঐক্য সম্ভব। যেকোনো আঘাত মোকাবিলায় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ ও সাহসিকতার সঙ্গে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ারের সঞ্চালনায় এই জরুরি সম্মেলনে আরও বক্তব্য রাখেন নায়েবে আমীর ও বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, এডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল এবং নির্বাহী পরিষদ সদস্য আব্দুর রব, সাইফুল আলম খান মিলন এমপি, এডভোকেট মতিউর রহমান আকন্দ, মোবারক হোসাইন, নূরুল ইসলাম বুলবুল এমপি ও মোহাম্মদ সেলিম উদ্দিন।

এমএইচ 
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি