ঢাকা, সোমবার   ২৪ আগস্ট ২০২৬

ডার্ক ওয়েবে ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির দাবি, অস্বীকার বিডিজবসের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৪, ২৪ আগস্ট ২০২৬ | আপডেট: ০৯:০১, ২৪ আগস্ট ২০২৬

Ekushey Television Ltd.

বাংলাদেশের প্রায় ৬০ লাখ চাকরিপ্রার্থীর জীবনবৃত্তান্ত (সিভি) নিজেদের কাছে রয়েছে এবং সেগুলো ডার্ক ওয়েবে বিক্রির জন্য তোলা হয়েছে—এমন দাবি করেছে ‘মাদারাক্স’ নামে একটি হ্যাকার গোষ্ঠী। তথ্যগুলো দেশের চাকরির ওয়েবসাইট বিডিজবস থেকে সংগ্রহ করা হয়েছে বলেও দাবি করেছে তারা। তবে এ অভিযোগকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে বিডিজবস।

রোববার (২৩ আগস্ট) ডার্ক ওয়েবের একটি ফোরামে প্রকাশিত পোস্টে হ্যাকার গোষ্ঠীটি জানায়, তাদের কথিত ডেটাবেসে চাকরিপ্রার্থীদের বিভিন্ন ব্যক্তিগত ও পেশাগত তথ্য রয়েছে। এর মধ্যে নাম, মোবাইল নম্বর, ঠিকানা, ই-মেইল, শিক্ষাগত যোগ্যতা, চাকরির অভিজ্ঞতা এবং প্রশিক্ষণের তথ্য থাকার কথা উল্লেখ করা হয়েছে।

নিজেদের দাবির পক্ষে ১৪৮টি সিভির নমুনাও প্রকাশ করেছে গোষ্ঠীটি। প্রকাশিত নথিগুলো পর্যবেক্ষণ করে দেখা যায়, অনেক সিভিই কয়েক বছর আগের। বিশেষ করে ২০১১ থেকে ২০১৭ সালের মধ্যে সর্বশেষ হালনাগাদ করা সিভির উপস্থিতি বেশি দেখা গেছে।

হ্যাকারদের পোস্ট অনুযায়ী, পুরো ডেটাসেটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার মার্কিন ডলার। সর্বোচ্চ পাঁচজন ক্রেতার কাছে ডেটা বিক্রি করার কথা জানিয়েছে তারা। অর্থ লেনদেনের ক্ষেত্রে কয়েকটি অনলাইন পেমেন্ট ও ক্রিপ্টোকারেন্সি সেবার নামও উল্লেখ করা হয়েছে।

তবে এসব দাবির সত্যতা এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

বিডিজবস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রতিষ্ঠানটির ওয়েবসাইটের নিরাপত্তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। যাচাই না করে এসব তথ্য বিশ্বাস বা প্রচার না করার জন্য ব্যবহারকারীদের সতর্ক করেছে তারা।

প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী, ব্যবহারকারীদের তথ্য সুরক্ষায় বিভিন্ন নিরাপত্তা ও নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে। একজন ব্যবহারকারী তার প্রোফাইলের তথ্য কারা দেখতে পারবেন, সেটিও নির্ধারণ করতে পারেন।

বিডিজবস আরও বলেছে, নিবন্ধিত নিয়োগদাতারা নিজ নিজ অ্যাকাউন্টের মাধ্যমে চাকরিপ্রার্থীদের প্রোফাইল দেখতে পারেন। কোনো নিয়োগদাতা প্রতিষ্ঠান অনুমতি ছাড়া এসব তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি বা সরবরাহের চেষ্টা করেছে—এমন প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি