ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনের সমর্থনে ‘মার্চ ফর প্যালেস্টাই ’ র্যালি
প্রকাশিত : ২২:৩৩, ২৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ২২:৪২, ২৯ নভেম্বর ২০২৬
ফিলিস্তিনি জনগণের স্বাধীনতা ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘মার্চ ফর প্যালেস্টাইন’ র্যালি করেছে জাতীয় ছাত্রশক্তি। র্যালি থেকে ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসন বন্ধ, মানবিক সহায়তা প্রবেশের জন্য সীমান্ত খুলে দেওয়া এবং ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানানো হয়।
রোববার (২৯ নভেম্বর) আন্তর্জাতিক ফিলিস্তিনি সংহতি দিবস উপলক্ষে এ কর্মসূচি পালন করে সংগঠনটি। বিকালে বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে র্যালিটি শুরু হয়ে মল চত্বর ও কলাভবন হয়ে কেন্দ্রীয় গ্রন্থাগার প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি আবু বাকের মজুমদার ও ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি হাসিবুল ইসলাম বক্তব্য দেন। কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরী সমাবেশ সঞ্চালনা করেন।
সমাবেশে আবু বাকের মজুমদার বলেন, ফিলিস্তিনে যুদ্ধবিরতির ঘোষণা থাকা সত্ত্বেও ইসরাইলি আগ্রাসন অব্যাহত রয়েছে। গাজায় বাস্তুচ্যুত ও গৃহহীন মানুষ তীব্র শীতের মধ্যে মানবিক সংকটের মুখোমুখি হচ্ছেন। অথচ তাদের জন্য প্রয়োজনীয় ত্রাণ ও শীতকালীন সহায়তা পৌঁছানোর পথও বাধাগ্রস্ত করা হচ্ছে।
তিনি ফিলিস্তিনি জনগণের পক্ষে তিন দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো: ফিলিস্তিনে চলমান আগ্রাসন, আধিপত্যবাদ ও হামলা অবিলম্বে বন্ধ করা; ক্ষুধার্ত ও বাস্তুচ্যুত মানুষের কাছে জরুরি ত্রাণ পৌঁছাতে ফিলিস্তিনের আশপাশের সব সীমান্তপথ খুলে দেওয়া এবং ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে দেশটির জনগণের স্বাধীনতা ও সার্বভৌম মর্যাদা নিশ্চিত করা।
সমাবেশে জাতীয় ছাত্রশক্তির সাধারণ সম্পাদক তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরী বলেন, ‘কাশ্মীর থেকে ফিলিস্তিন, উইঘুর থেকে আরাকান, বেলুচিস্তান থেকে সেভেন সিস্টার্স প্রত্যেক নিপীড়িত মানুষের কণ্ঠস্বর হবে জাতীয় ছাত্রশক্তি, আর মুক্তিকামী জনতার নেতৃত্ব দেবে ঢাকা। সকল আধিপত্যবাদের বিপক্ষে আমাদের সংগ্রাম চলবে।’
এদিকে দক্ষিণ এশিয়ায় ক্রমবর্ধমান আঞ্চলিক অস্থিরতা ও ভারতের আধিপত্যবাদী তৎপরতার অভিযোগ তুলে র্যালি থেকে কঠোর অবস্থান ব্যক্ত করেন সংগঠনটির নেতারা। তারা কাশ্মীরের মুসলমান এবং মণিপুরসহ ভারতের বিভিন্ন অঞ্চলের মানুষের ওপর নির্যাতন ও দমনমূলক অভিযানের নিন্দা ও প্রতিবাদ জানান।
এ ছাড়া ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুমকিসহ পশ্চিমবঙ্গ বিজেপির এক নেতার বাংলাদেশবিরোধী বক্তব্যের নিন্দা জানানো হয়। বক্তারা বলেন, বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে কেউ চোখ তুলে তাকালে দেশের ১৮ কোটি মানুষ ঐক্যবদ্ধভাবে যেকোনো আধিপত্যবাদী ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত রয়েছে।
এমএইচ
আরও পড়ুন










