ঢাকা, বুধবার   ২৫ নভেম্বর ২০২৬

মানিকগঞ্জে অষ্টম শ্রেণির স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ মামলায় চীনা নাগরিক গ্রেপ্তার

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ২২:২৫, ২৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ২২:৩৫, ২৫ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

মানিকগঞ্জে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের মামলায় চীনা নাগরিক চেন ইয়ং (৪১)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে রাজধানী ঢাকার উত্তরা পূর্ব থানার ৪ নম্বর সেক্টরের একটি ভাড়া বাসা থেকে মানিকগঞ্জ সদর থানা-পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হওয়া চীনা নাগরিক চেন ইয়ং রাজধানীর উত্তরা পূর্ব থানার ৪ নম্বর সেক্টরের ৪ নম্বর রোডের ২৩ নম্বর ‘সাহারা র‍্যাপসোডিয়া’ বাড়ির ৭ম তলায় ভাড়া থাকতেন।

নির্যাতনের শিকার ওই স্কুলছাত্রীর বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলায়। সে সদর উপজেলার একটি স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৭ নভেম্বর) স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় ওই স্কুলছাত্রী। এরপর কোথাও তাকে খুঁজে না পেয়ে পরের দিন বুধবার (১৮ নভেম্বর) ওই স্কুলছাত্রীর বাবা মানিকগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পরবর্তীতে পুলিশ তথ্যপ্রযুক্তির মাধ্যমে বিভিন্ন জায়গায় অনুসন্ধান চালায় এবং মঙ্গলবার দিবাগত মধ্যরাতে রাজধানী ঢাকার উত্তরা পূর্ব থানার ৪ নম্বর সেক্টরের একটি ভাড়া বাসা থেকে ওই স্কুলছাত্রীকে উদ্ধারসহ চীনা নাগরিক চেন ইয়ংকে গ্রেপ্তার করে।

এরপর ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে এবং চীনা নাগরিক চেন ইয়ংকে মানিকগঞ্জ সদর থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় নির্যাতনের শিকার ওই স্কুলছাত্রীর বাবা মানিকগঞ্জ সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা দায়ের করেছেন। ওই মামলায় চীনা নাগরিক চেন ইয়ংকে গ্রেপ্তার দেখিয়ে আজ বুধবার বিকেলে আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জুলুস খান পাঠান জানান, মানিকগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হয় এবং আদালতের বিচারক দোলন বিশ্বাস তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিচারকের নির্দেশনা অনুযায়ী তাকে কারাগারে পাঠানো হয়েছে। ইতিমধ্যে নির্যাতনের শিকার ওই স্কুলছাত্রীর সব ধরনের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই স্কুলশিক্ষার্থীর নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারা মোতাবেক জবানবন্দি লিপিবদ্ধ করা শেষে তাকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

এমএইচ 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি