ঢাকা, সোমবার   ২৪ আগস্ট ২০২৬

মালয়েশিয়ার ২৫ এজেন্সির তালিকা নিয়ে উদ্বেগ বায়রার একাংশের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২১, ২৪ আগস্ট ২০২৬ | আপডেট: ০৮:৩১, ২৪ আগস্ট ২০২৬

Ekushey Television Ltd.

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী প্রেরণের জন্য সম্প্রতি মাত্র ২৫টি রিক্রুটিং এজেন্সির একটি তালিকা প্রকাশের খবরে গভীর উদ্বেগ জানি‌য়ে‌ছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা) একাংশের সদস্যরা।

রোববার (২৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এই উদ্বেগ জানা‌নো হয়।

বিজ্ঞ‌প্তি‌তে বলা হয়েছে, অতীতের তিক্ত অভিজ্ঞতার পর আবারও সীমিতসংখ্যক এজেন্সির মাধ্যমে মালয়েশিয়া শ্রমবাজার পরিচালিত হলে তা নতুন করে সিন্ডিকেট ও একচেটিয়া ব্যবসার সুযোগ সৃষ্টি করবে বলে আমরা আশঙ্কা করছি। মালয়েশিয়া শ্রমবাজারে অতীতেও সীমিতসংখ্যক রিক্রুটিং এজেন্সিকে সুযোগ দেওয়ার কারণে সিন্ডিকেশন, অতিরিক্ত অভিবাসন ব্যয়, অনিয়ম, বৈষম্য এবং কর্মীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের গুরুতর অভিযোগ উঠেছিল। 

বিজ্ঞ‌প্তি‌তে আরও বলা হয়, এর ফলে একদিকে সাধারণ কর্মীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, অন্যদিকে দেশের বিপুলসংখ্যক বৈধ ও অভিজ্ঞ রিক্রুটিং এজেন্সি কর্মী প্রেরণের ন্যায্য সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। আমাদের প্রশ্ন-সরকার কর্তৃক প্রায় ২৫০০ লাইসেন্সপ্রাপ্ত বৈধ রিক্রুটিং এজেন্সি থাকা সত্ত্বেও কেন মাত্র ২৫টি এজেন্সির মধ্যে মালয়েশিয়া শ্রমবাজার সীমাবদ্ধ থাকবে? কোনো বিশেষ গোষ্ঠীকে একচেটিয়া সুবিধা দিয়ে অন্য বৈধ এজেন্সিগুলোকে বঞ্চিত করা হলে, শ্রমবাজারে সুস্থ প্রতিযোগিতা ব্যহত হবে এবং অভিবাসন ব্যয় বৃদ্ধির ঝুঁকি তৈরি হবে।

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ ক‌রে বায়রার বিজ্ঞ‌প্তি‌তে উল্লেখ করা হয়, আমরা এ বিষয়ে প্রধানমন্ত্রী এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জরুরি দৃষ্টি আকর্ষণ করছি। প্রকাশিত ২৫ এজেন্সির তালিকা ও নির্বাচন প্রক্রিয়ার বিষয়ে পূর্ণাঙ্গ স্বচ্ছতা নিশ্চিত করে, কোনো ধরনের সিন্ডিকেট বা একচেটিয়া ব্যবস্থা কার্যকর না করার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাচ্ছি। ইতোমধ্যে নেপালে ২৫টি এজেন্সি নিয়ে সিন্ডিকেট প্রত্যাখ্যান করেছেন।

আমরা বিশ্বাস করি, বর্তমান সরকার অতীতের বিতর্কিত সিন্ডিকেট ব্যবস্থার পুনরাবৃত্তি হতে দেবে না। দেশের রেমিট্যান্স, বৈদেশিক কর্মসংস্থান এবং সাধারণ কর্মীদের স্বার্থে মালয়েশিয়া শ্রমবাজারকে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর একচেটিয়া নিয়ন্ত্রণে না দিয়ে সব বৈধ রিক্রুটিং এজেন্সির অংশগ্রহণে উন্মুক্ত, প্রতিযোগিতামূলক ও স্বচ্ছ ব্যবস্থায় পরিচালনা করাই হবে জনস্বার্থসম্মত সিদ্ধান্ত।

তারা ৪ প্রস্তাব তুলে ধরেছেন:-১) ২৫ এজেন্সিকেন্দ্রিক সিন্ডিকেট বা একচেটিয়া ব্যবস্থা অবিলম্বে বন্ধ করতে হবে। ২) মালয়েশিয়া শ্রমবাজার সিন্ডিকেটমুক্ত, স্বচ্ছ ও বৈষম্যহীনভাবে সব বৈধ ও যোগ্য রিক্রুটিং এজেন্সির জন্য উন্মুক্ত করতে হবে। ৩) কর্মীদের স্বার্থে সরকার নির্ধারিত যৌক্তিক ও কম অভিবাসন ব্যয় নিশ্চিত করতে হবে, যাতে কোনো গোষ্ঠী অতিরিক্ত অর্থ আদায়ের সুযোগ না পায়। ৪) প্রয়োজনে সরকারি প্রতিষ্ঠান বো‌য়ে‌সেল-এর মাধ্যমে ওয়ান স্টপ সা‌র্ভিস চালু করে সব বৈধ রিক্রুটিং এজেন্সিকে সমানভাবে কর্মী প্রেরণের সুযোগ দিতে হবে।

এমএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি