ঢাকা, সোমবার   ০২ নভেম্বর ২০২৬

যার জনপ্রিয়তা বেশি তাকেই স্থানীয় নির্বাচনে প্রার্থী করা হবে: রিজভ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৩, ২ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

আসন্ন স্থানীয় নির্বাচনে জেলা ও উপজেলা বিএনপির নেতারা আলোচনার মাধ্যমে উপযুক্ত প্রার্থী বাছাই করবেন। যার জনপ্রিয়তা ও নির্বাচনে জয়ের সম্ভাবনা বেশি, তাকেই প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (২ নভেম্বর) সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর মনোনয়ন কার্যক্রম আরও জোরদার হবে। ভোট গ্রহণ ও মনোনয়নপত্র জমা দেয়ার তারিখ ঘোষণার পর দলীয় কার্যক্রমও সেই অনুযায়ী এগোবে।

ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পেছনে দেশ ও দেশের বাইরের ইন্ধন রয়েছে। দেশের পরাজিত শক্তি প্রতিবেশী দেশ থেকে বিভিন্ন ধরনের উসকানি দিচ্ছে। 

দেশের ভেতরেও কিছু রাজনৈতিক শক্তি নতুন সরকারকে অস্থিতিশীল করতে অপপ্রচার চালাচ্ছে। এসব পরিস্থিতি মোকাবিলা করে দেশে গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে সরকার কাজ করছে।

রুহুল কবির রিজভী বলেন, শ্রমিকদের ভুল বুঝিয়ে রাস্তায় নামানোর চেষ্টা করছে পরাজিত শক্তি। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সম্পৃক্ততার প্রমাণও পাওয়া গেছে। গতকাল ঘটনাস্থল থেকে ছাত্রলীগ ও যুবলীগের ১১ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

তিনি আরও বলেন, বিএনপি ১৭ বছর ধরে প্রকাশ্যে গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে। এ আন্দোলনে দলটির নেতাকর্মীরা রক্ত দিয়েছেন, জীবন উৎসর্গ করেছেন। অন্যদিকে জামায়াতের নেতাকর্মীরা ছাত্রলীগ ও যুবলীগের মধ্যে মিশে গোপনে কর্মকাণ্ড চালিয়েছেন। 

এমএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি