হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে কারাগারে প্রেরণ
প্রকাশিত : ১৫:৪৯, ১৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৫:৫২, ১৯ নভেম্বর ২০২৬
জুলাই আন্দোলনের সময় রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় মাদরাসাছাত্র সাদিকুল ইসলাম হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন এ আদেশ দেন।
তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার এসআই মো. মাহমুদুল হাসান মোড়ল আবেদনে উল্লেখ করেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামলার ঘটনা ও পলাতক আসামিদের বিষয়ে তথ্য দিয়েছেন নুরুল ইসলাম নাহিদ। এসব তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। প্রয়োজনে পরবর্তীতে তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হতে পারে।
রাষ্ট্রপক্ষে শুনানি করেন আইনজীবী ওমর ফারুক ফারুকী। তিনি আদালতে বলেন, সাবেক এই মন্ত্রী দেশে অস্থিরতা সৃষ্টির সঙ্গে জড়িত। তাকে কারাগারে পাঠানোর আবেদন জানান তিনি।
তবে আসামিপক্ষে কোনো আইনজীবী শুনানিতে অংশ নেননি। আদালতের এজলাসেও তোলা হয়নি নুরুল ইসলাম নাহিদকে।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই উত্তরা পশ্চিম এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেন মাদরাসাছাত্র সাদিকুল ইসলাম। এ সময় আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের হামলা ও গুলিতে পেটে গুলিবিদ্ধ হন তিনি। পরদিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাদিকুল।
এ ঘটনায় গত বছরের ১৫ সেপ্টেম্বর মো. আশরাফ সিদ্দিকী উত্তরা পশ্চিম থানায় হত্যা মামলা করেন।
এর আগে বুধবার দিবাগত রাত ২টার দিকে উত্তরা ১৩ নম্বর সেক্টরের একটি বাসায় অভিযান চালিয়ে নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করে পুলিশ।
এএইচ
আরও পড়ুন










