হাম উপসর্গে একদিনে ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৯৮
প্রকাশিত : ১৪:৩৫, ২৬ আগস্ট ২০২৬ | আপডেট: ১৪:৫৭, ২৬ আগস্ট ২০২৬
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৯৮ জন।
বুধবার (২৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এই সময়ে নিশ্চিতভাবে হামে কোনো শিশুর মৃত্যু হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৯৫০ শিশু মারা গেছে। এর মধ্যে হামের উপসর্গে মৃত্যু হয়েছে ৮৫১ শিশুর। আর নিশ্চিত হামে মারা গেছে ৯৯ শিশু।
গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়েছে ৭৩ শিশু, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ৯৮। এই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১৯ শিশু, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৯৫৪ শিশু।
প্রতিবেদন অনুযায়ী, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৫২ হাজার ৭৩৬, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৮ হাজার ৬৫১। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৩৩ হাজার ৫৭৩ রোগী, যাদের মধ্যে ১ লাখ ২৮ হাজার ৭৬৫ জন ছাড়পত্র নিয়ে হাসপাতাল ছেড়েছেন।
এএইচ










