এনসিপি নেতাকে হত্যার হুমকি, থানায় জিডি
প্রকাশিত : ২২:৪৯, ২ ফেব্রুয়ারি ২০২৬
জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন শিশিরকে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুগ্ম সদস্য সচিব ও প্লানিং উপদেষ্টা মো. জয়নাল আবেদীন শিশিরকে যে কোনো সময় হত্যার হুমকি দেওয়া হয়েছে। প্রাণনাশের হুমকির অভিযোগে তিনি হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি করেছেন।
এ ঘটনায় সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।
জয়নাল আবেদীন শিশির অভিযোগ করেন, অজ্ঞাতনামা একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে তাকে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়েছে।
ডায়েরি সূত্রে জানা যায়, সোমবার বিকেল আনুমানিক ৪টা ৫৪ মিনিটে তিনি হাতিরঝিল থানাধীন নিজ বাসায় অবস্থানকালে তার ব্যবহৃত হোয়াটসঅ্যাপ নম্বরে একটি অজ্ঞাত নম্বর থেকে কল ও মেসেজ আসে। কলকারী নিজের পরিচয় না দিয়ে তাকে যে কোনো সময় গুলি করে হত্যা করা হবে বলে হুমকি দেয়। পরে একই নম্বর থেকে বারবার কল দিয়ে প্রাণনাশের ভয়ভীতি প্রদর্শন করা হয়।
জিডিতে আরও উল্লেখ করা হয়, আমি ও আমার পরিবারের লোকজন আতঙ্কে দিন কাটাচ্ছি ও নিরাপত্তাহীনতায় ভুগছি। বিষয়টি ভবিষ্যতের নিরাপত্তা ও আইনগত সুরক্ষার জন্য সাধারণ ডায়েরিভুক্ত করা জরুরি বলে তিনি উল্লেখ করেন। একইসঙ্গে হুমকিদাতাদের শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
এমআর//
আরও পড়ুন










