আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পেল বাংলাদেশের জিহাদ
প্রকাশিত : ২০:২৫, ২০ নভেম্বর ২০২৬ | আপডেট: ২০:৫৫, ২০ নভেম্বর ২০২৬
আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ১৪তম সিল্করোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (এসআরআইএফএফ-২০২৬) সেরা পরিচালনার জন্য 'বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার- শ্রেষ্ঠ পরিচালক' অর্জন করেছেন বাংলাদেশের তরুণ চলচ্চিত্র নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সাঁকোটা দুলছে’ উৎসবটির পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা বিভাগে অংশ নিয়ে এই পুরস্কার অর্জন করে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এই তথ্য নিশ্চিত করেন জিহাদ। তিনি জানান, ৯ নভেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত আয়ারল্যান্ডের ডাবলিনে এই চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয় এবং ১৫ নভেম্বরেই পুরস্কার ঘোষণা করা হয়।
পরিচালক ইশতিয়াক আহমেদ জিহাদ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি এই বিভাগ থেকেই স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। তরুণ এই পরিচালকের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এটি।
চলচ্চিত্রটির প্রযোজনায় রয়েছেন তার বিভাগেরই সহকারী অধ্যাপক ও অভিনেতা মনোজ কুমার প্রামাণিক। বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান 'মনপাচিত্র' এবং জার্মানির 'মগডোর ফিল্ম'-এর যৌথ উদ্যোগে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। প্রযোজক ও প্রযোজনা প্রতিষ্ঠানটিরও প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এটি।
এমএইচ
সংশ্লিষ্টরা জানান, মূলত গ্রামীণ বাংলাদেশের তিনজন নারীর জীবনকে কেন্দ্র করে চলচ্চিত্রটি নির্মিত হয়েছে। এর গল্পে কুসংস্কার, পিতৃতান্ত্রিক সমাজব্যবস্থা ও সামাজিক নিপীড়নের বেড়াজাল থেকে মুক্তির স্বপ্ন দেখা এসব নারীর সংগ্রামের কথা ফুটিয়ে তোলা হয়েছে। সম্পূর্ণ সাদা-কালোতে নির্মিত এই চলচ্চিত্রে নারীর জীবন, বিশ্বাস, সামাজিক নিয়ন্ত্রণ এবং ব্যক্তিস্বাধীনতার প্রশ্নকে গ্রামীণ বাংলাদেশের বাস্তবতার আঙ্গিকে উপস্থাপন করা হয়েছে।
২০১২ সালে প্রতিষ্ঠিত সিল্করোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব প্রতি বছর আয়ারল্যান্ডে অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক সিল্ক রোডের সাংস্কৃতিক বিনিময়, পারস্পরিক বোঝাপড়া ও আন্তর্জাতিক যোগাযোগের ঐতিহ্যকে ধারণ করে উৎসবটি বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র ও নির্মাতাদের একত্রিত করে। উৎসবটি বেল্ট অ্যান্ড রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব জোটের (বিআরএফএফএ) সদস্য, যার লক্ষ্য বিভিন্ন দেশের চলচ্চিত্র ও সংস্কৃতির মধ্যে সংযোগ ও বিনিময়কে উৎসাহিত করা।
বিশ্বের অন্যতম বৃহৎ এই চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ পরিচালক হিসেবে পুরস্কার অর্জনের বিষয়ে পরিচালক জিহাদ বলেন, “গ্রামীণ বাংলাদেশে বেড়ে ওঠার অভিজ্ঞতা থেকে আমি দেখেছি, কীভাবে কুসংস্কার, রক্ষণশীলতা এবং সামাজিক বিধিনিষেধ নারীদের জীবনে প্রভাব ফেলে। এই চলচ্চিত্র সেই বাস্তবতা থেকেই জন্ম নিয়েছে। এমন বড় একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হওয়া আমাদের পুরো দলের জন্য অত্যন্ত সম্মানের। পাশাপাশি এটি চলচ্চিত্রে প্রতিফলিত মানুষদের জীবন ও অভিজ্ঞতার একটি আন্তর্জাতিক স্বীকৃতি।”
চলচ্চিত্রটির বিষয়ে প্রযোজক মনোজ কুমার প্রামাণিক বলেন, “এই যাত্রা শুরু হয়েছিল খুব সীমিত অর্থ, অল্প অভিজ্ঞতা এবং একদল স্বপ্নবান তরুণ চলচ্চিত্রকর্মীকে নিয়ে। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হওয়া আমাদের বহু বছরের পরিশ্রম, ত্যাগ, বিশ্বাস এবং স্বাধীন চলচ্চিত্রচর্চার প্রতি অঙ্গীকারের স্বীকৃতি।”
উল্লেখ্য, চলচ্চিত্রটি এর আগে শ্রেষ্ঠ চিত্রগ্রহণের জন্য চীনে অনুষ্ঠিত ২৮তম সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে 'গোল্ডেন গোবলেট' পুরস্কার এবং রাশিয়ায় অনুষ্ঠিত ২৪তম আমুর অটাম আন্তর্জাতিক চলচ্চিত্র ও থিয়েটার উৎসবে 'গোল্ডেন ক্রেন' পুরস্কার অর্জন করে।
এমএইচ
আরও পড়ুন










