ঢাকা, শুক্রবার   ২০ নভেম্বর ২০২৬

ক্ষমতা ধরে রাখতে মরিয়া নেতানিয়াহু, ইসরায়েলে হতে পারে রাজনৈতিক সংঘাত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০১, ২০ নভেম্বর ২০২৬ | আপডেট: ২২:১১, ২০ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

ইসরায়েলের সাম্প্রতিক নির্বাচনে রাজনৈতিকভাবে চাপে পড়ার পর ক্ষমতা ধরে রাখতে নানা কৌশল অবলম্বন করছেন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নির্বাচনের ফল নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি বিরোধী রাজনৈতিক দল ও নেতাদের বিরুদ্ধে আক্রমণাত্মক অবস্থান নিয়েছেন তিনি। দীর্ঘদিন দেশটির ক্ষমতায় থাকা নেতানিয়াহুর ভবিষ্যৎ এখন অনিশ্চিত। বিরোধী নেতা গাদি আইজেনকট সরকার গঠনে সফল হন কি না, তার ওপরই অনেক কিছু নির্ভর করছে।

নতুন সরকার গঠনের জন্য আইজেনকটকে ইসরায়েলের ফিলিস্তিনি নাগরিকদের প্রতিনিধিত্বকারী দলগুলোর সমর্থন নিতে হতে পারে। এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে আরব রাজনৈতিক দলগুলোর গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন নেতানিয়াহু। নির্বাচনে অনিয়মের অভিযোগও সামনে এনেছেন তিনি, যদিও এসব দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য প্রমাণ প্রকাশ করা হয়নি। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আল-জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

নেতানিয়াহুর বক্তব্য ও রাজনৈতিক কর্মকাণ্ড ঘিরে দেশটিতে উত্তেজনা বাড়ছে। ডানপন্থী সমর্থকদের একটি অংশ বিরোধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছে এবং গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হওয়ার হুঁশিয়ারি দিচ্ছে। সমালোচকদের অভিযোগ, রাজনৈতিক সংকট থেকে নিজের অবস্থান শক্ত করতে ইরানের সঙ্গে সংঘাতের ঝুঁকিও বাড়াতে চাইছেন নেতানিয়াহু।

এদিকে নেতানিয়াহুর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ডেভিড জিনি পরিচালিত অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেত পাঁচজন আরব আইনপ্রণেতার ফোনে নজরদারি চালানোর অনুমতি চেয়েছিল বলে সংবাদ প্রকাশ হয়েছে। বিদেশি প্রভাবের সন্দেহ দেখিয়ে তাদের ওপর গোয়েন্দা নজরদারির উদ্যোগ নেওয়া হয়। নির্বাচনের দিন ফিলিস্তিনি বংশোদ্ভূত ইসরায়েলি রাজনীতিকদের আটক করার অনুমতিও চেয়েছিল সংস্থাটি। তবে অ্যাটর্নি জেনারেল সেই আবেদনগুলো নাকচ করে দেন।

বিরোধী নেতা ইয়ার লাপিদ এবং জয়েন্ট লিস্টের নেতা ইউসেফ জাবারিনসহ একাধিক রাজনীতিক এসব উদ্যোগকে গণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে অভ্যুত্থানের প্রচেষ্টা হিসেবে বর্ণনা করেছেন। এ ছাড়া ভোটের আগের রাতে ভোট কেনাবেচার অভিযোগ সামনে আসার পর পুলিশ তদন্ত শুরু করেছে। অভিযোগটি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পরিকল্পিতভাবে তৈরি করা হয়েছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, নেতানিয়াহুর সাম্প্রতিক কর্মকাণ্ডের পেছনে মূল উদ্দেশ্য হলো ক্ষমতায় থাকা। সরাসরি সরকার গঠন করতে না পারলেও এমন রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চান তিনি, যেখানে নতুন সরকার তার এবং তার মিত্রদের সমর্থনের ওপর নির্ভরশীল থাকবে।

ক্ষমতা হারানোর আশঙ্কার পাশাপাশি নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ ও ব্যক্তিগত নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে এত দিন যে প্রভাব ও সুরক্ষা পেয়েছেন, পদ হারালে সেগুলো আর আগের মতো থাকবে না। ফলে চলমান রাজনৈতিক ও আইনি সংকট তার জন্য আরও জটিল হয়ে উঠতে পারে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার আগে সরকারের ব্যর্থতা খতিয়ে দেখতে একটি স্বাধীন রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠনের দাবি উঠেছিল। গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে সমালোচকেরা এই দাবিতে সোচ্চার রয়েছেন।

সাম্প্রতিক কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, হামলার সম্ভাবনা নিয়ে মিসর ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) উচ্চপর্যায়ের কর্মকর্তারা নেতানিয়াহুকে আগেই সতর্ক করেছিলেন। এসব তথ্য প্রকাশের পর ঘটনার তদন্তে কমিশন গঠনের দাবিতে নতুন করে চাপ সৃষ্টি হয়েছে। গত সপ্তাহে পার্লামেন্টের অধিবেশনে আইন প্রণয়নের বিষয়েও এ দাবি গুরুত্ব পেয়েছে।

অন্যদিকে, গাজায় যুদ্ধ চালানো এবং বিচার বিভাগের ক্ষমতা সীমিত করার উদ্যোগ ঘিরে ইসরায়েলে সাংবিধানিক সংকট তৈরি হয়েছে। সমালোচকদের মতে, এসব বিতর্ক নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলাগুলো থেকে জনমতকে সরিয়ে রাখতেও ভূমিকা রেখেছে।

২০১৯ সাল থেকে তিনটি পৃথক মামলায় ঘুষ গ্রহণ, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে অভিযুক্ত নেতানিয়াহু। ২০২০ সালের মে মাসে শুরু হওয়া বিচার প্রধানমন্ত্রী হিসেবে তার দায়িত্বের কারণে একাধিকবার বিলম্বিত হয়েছে। এসব মামলায় দোষী প্রমাণিত হলে তার সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

লন্ডনের কিংস কলেজের ইসরায়েলি বিশ্লেষক আহরন ব্রেগম্যানের মতে, নেতানিয়াহু বর্তমানে কোণঠাসা অবস্থায় থাকা ব্যক্তির মতো প্রতিক্রিয়া দেখাচ্ছেন। নির্বাচনে পরাজয় তার কাছে শুধু রাজনৈতিক বিপর্যয় নয়, ব্যক্তিগত সংকটও। দুর্নীতির মামলায় বিচারাধীন থাকায় প্রধানমন্ত্রীর পদ হারালে আইনি পরিণতির মুখোমুখি হওয়ার ঝুঁকি বাড়বে। তার মতে, ক্ষমতা হারানো নেতানিয়াহুর জন্য সুরক্ষা হারানোর সমান, তাই পরিস্থিতি মোকাবিলায় তিনি যেকোনো পথ বেছে নিতে পারেন।

নির্বাচনের পর ইসরায়েলে রাজনৈতিক সহিংসতার আশঙ্কাও বাড়ছে। কয়েক দিন ধরে ডানপন্থী বিক্ষোভকারীরা বিরোধী নেতা গাদি আইজেনকটের বাসভবনের সামনে অবস্থান নিয়ে তাকে আরব দলগুলোর সঙ্গে জোট গঠন না করার হুঁশিয়ারি দিয়েছেন। বিক্ষোভে তাকে বিশ্বাসঘাতক বলেও আখ্যা দেওয়া হয়।

এ ছাড়া প্রকাশ্যে আসা একটি চিঠিতে হাইফার ইহুদি ধর্মীয় আদালতের সাবেক প্রধান রাব্বি গেদালিয়া অ্যাক্সেলরড একটি ধর্মীয় বিধানের কথা উল্লেখ করেছেন, যার নাম ‘দিন রোদেফ’ বা ধাওয়া করার আইন। ১৯৯৫ সালে ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী ইৎজাক রবিনকে হত্যার পক্ষে যুক্তি দাঁড় করাতে একই ধর্মীয় বিধানের ব্যাখ্যা ব্যবহার করেছিলেন হত্যাকারী ইয়িগাল আমির। ফিলিস্তিনিদের সঙ্গে অসলো শান্তিচুক্তির বিরোধিতা করে তিনি রবিনকে হত্যা করেন। ফলে নতুন করে এই বিধানের উল্লেখ রাজনৈতিক সহিংসতার আশঙ্কা বাড়িয়েছে।

বামপন্থী হাদাশ পার্টির সংসদ সদস্য ওফের কাসিফের আশঙ্কা, সরকার গঠনে বিলম্ব হলে সহিংসতার ঝুঁকি আরও বাড়বে। তিনি বলেন, ক্ষমতা ধরে রাখতে নেতানিয়াহু যেকোনো পদক্ষেপ নিতে পারেন এবং ডানপন্থী মহলে গৃহযুদ্ধের আলোচনা চলছে। এমন পরিস্থিতিতে সহিংসতার আশঙ্কাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

কাসিফের মতে, নেতানিয়াহুকে কেন্দ্র করে ব্যক্তিপূজার মতো রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠেছে। তার বিরোধীদের বিরুদ্ধে এই গোষ্ঠীর সদস্যরা সহিংস হয়ে উঠতে পারেন বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।

নির্বাচনের ফলাফল প্রশ্নবিদ্ধ করার চেষ্টা কিংবা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাধা দেওয়ার অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে তাৎক্ষণিক কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে কি না, তা এখনো নিশ্চিত নয়।

তবে ভোটের আগের রাতে পুলিশের কাছে দেওয়া মিথ্যা অভিযোগের ঘটনায় নেতানিয়াহুর সহযোগীদের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরু হতে পারে। গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করার অভিযোগ প্রমাণিত হলে শিন বেতের প্রধান ডেভিড জিনির পদ এবং গোয়েন্দা সংস্থাটির স্বাধীনতা নিয়েও প্রশ্ন উঠতে পারে।

যুক্তরাজ্যের গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউসের জ্যেষ্ঠ পরামর্শক ফেলো ইয়োসি মেকেলবার্গ মনে করেন, নেতানিয়াহু এখন মূলত নিজের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই করছেন। এই প্রচেষ্টায় তার ঘনিষ্ঠ সহযোগীরা ক্ষতিগ্রস্ত হলেও তিনি তাতে পিছিয়ে আসবেন না। তবে এবারের রাজনৈতিক লড়াইয়ে তার পরাজয়ের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

মেকেলবার্গের ভাষ্য, নেতানিয়াহুর কাছে সহযোগীদের ভবিষ্যৎ কিংবা নিজের রাজনৈতিক উত্তরাধিকারের চেয়ে ক্ষমতায় টিকে থাকাই বেশি গুরুত্বপূর্ণ। প্রতিদিন ক্ষমতা ধরে রাখার চেষ্টা এবং প্রয়োজনে যেকোনো উপায় অবলম্বন করাই এখন তার প্রধান লক্ষ্য।

এমএইচ 
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি