ঢাকা, বৃহস্পতিবার   ০২ এপ্রিল ২০২৬

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৮, ২ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভের ডাক দিয়েছে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। শনিবার (৪ এপ্রিল) বাদ আসর রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে গুলশানে বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান জোটের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

তিনি বলেন, ‘সংস্কারকে ধামাচাপা দিয়ে সরকার শুধুমাত্র সংবিধানের সংশোধনী আনতে চায়। বর্তমান সরকার শেখ হাসিনার মতোই ফ্যাসিবাদী পথে হাঁটছে। আমাদের আজকের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে রাজপথের আন্দোলন ছাড়া আমাদের আর কোনও বিকল্প নেই।’

তিনি আরও বলেন, ‘শনিবার বিকেলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করবে ১১ দল।’ আগামী মঙ্গলবার (৭ এপ্রিল) শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

এর আগে বুধবার (১ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৭টার দিকে সংসদ ভবনে সংবাদ সম্মেলনে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বলেন, ‘গণভোটের রায় নিয়ে সরকারি দলের কর্মকাণ্ডে আমরা খুব বিস্মৃত, আহত ও মর্মহত।’
 
এছাড়াও সংসদের প্রথম অধিবেশনের ষষ্ঠ দিনে মুলতবি প্রস্তাব নিয়ে আলোচনার পর জুলাই সনদ জারি না করা এবং বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানকে মিসকোড করার অভিযোগে বুধবার বিকেল ৫টা ৪৫ মিনিটে বিরোধী দলের সদস্যরা অধিবেশন বর্জন করে বেরিয়ে যান।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি