চাঁদার জন্য লেগুনাচালককে পিটিয়ে হত্যা, জামায়াতের নিন্দা
প্রকাশিত : ২২:৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৬
চাঁদা লেনদেনের ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ীতে এক গাড়ি চালককে পিটিয়ে হত্যার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
রোববার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই প্রতিবাদ জানান।
ডা. শফিকুর রহমান তার পোস্টে উল্লেখ করেন, "আজ বিকাল আনুমানিক ৩:০০টায় রাজধানীর যাত্রাবাড়ীতে একজন গাড়িচালককে চাঁদা লেনদেনের ঘটনাকে কেন্দ্র করে চাঁদাবাজরা পিটিয়ে হত্যা করেছে।"
এই নৃশংস ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেন, "চাঁদার এ সংস্কৃতিকে এমনভাবে জাতীয়করণ করা হয়েছে, যেন চাঁদা না দেওয়াই অপরাধ! নেতৃত্বের জায়গা থেকে যখন চাঁদাবাজির বৈধতা দেওয়া হয়, তখন এ দায়িত্ব সংশ্লিষ্ট সকলের ওপরেই বর্তাবে। মাঝখানে নিরীহ জনগণের জীবন এভাবেই কি ঝরে পড়বে?"
দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, "না, আমরা তা মেনে নিতে পারি না, মেনে নেব না। প্রিয় জনগণকে সঙ্গে নিয়ে চাঁদাবাজবিরোধী আরেকটি আন্দোলন গড়ে তোলা এখনই সময়ের দাবি।"
দেশপ্রেমিক নাগরিকদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, "দেশকে যারা ভালোবাসেন, তাদের সকলের প্রতি আমাদের একই কথা- চাঁদাবাজদের হাত থেকে জীবন ও সম্পদ রক্ষা করতে হলে সম্মিলিতভাবে লড়তে হবে। আমরা লড়ে যাব, ইনশাআল্লাহ।"
এমআর//
আরও পড়ুন










