ঢাকা, রবিবার   ২২ ফেব্রুয়ারি ২০২৬

জামায়াত থেকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেতে পারেন যারা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪০, ২২ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৪:৪৯, ২২ ফেব্রুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয় পায়। আসন অনুপাতে সংরক্ষিত ৫০টি নারী আসনের মধ্যে দলটি পাবে ৩৫টি। বাংলাদেশ জামায়াতে ইসলামী ১১টি ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ১টি আসন পাবে। অন্য ৩টি আসন স্বতন্ত্র প্রার্থী ও নিজস্ব প্রতীকে জয়ী ছোট দলগুলোর মধ্যে বণ্টন করা হবে।

জানা গেছে, সংসদে যথাযথ ভূমিকা রাখতে পারেন, এমন উপযুক্ত নারীদের মনোনয়ন দেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ জন্য মহিলা বিভাগ থেকে পরামর্শ নেওয়া হচ্ছে। দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদে মনোনয়ন চূড়ান্ত করা হবে।

দলীয় একাধিক সূত্র জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক ও প্রকৌশলীদের মধ্য থেকে মনোনয়ন দেওয়া হতে পারে। এর মধ্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা, আইন ও মানবসম্পদ বিভাগীয় সেক্রেটারি আইনজীবী সাবিকুন্নাহার, সহকারী সেক্রেটারি মার্জিয়া বেগম, মহিলা বিভাগের সদস্য ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রভাষক মারদিয়া মমতাজের নাম আলোচনায় আছে। 

এ ছাড়া সাঈদা রুম্মান, মার্জিয়া বেগম, খন্দকার আয়েশা খাতুন, ডা. হাবিবা চৌধুরী সুইট, কাজী মারিয়া ইসলাম বেবি, রাবেয়া খানম, ডা. শিরিন আক্তার রুনা, তানহা আজমি, নার্গিস খান, কানিজ ফাতেমা, সেলিনা আক্তার ও আয়েশা সিদ্দিকা পারভীনের নামও আলোচনায় রয়েছে।

ভিন্ন ধর্মাবলম্বী থেকেও একজনকে মনোনয়ন দেওয়া হতে পারে বলে একজন দায়িত্বশীল নেতা জানিয়েছেন।

দলীয় সূত্র থেকে জানা গেছে, জামায়াতের মহিলা বিভাগ থেকে একটি খসড়া তালিকা প্রস্তুত করা হয়েছে। আলোচনার মাধ্যমে তা চূড়ান্ত করা হবে। সংসদের প্রথম অধিবেশনের আগেই সেটি চূড়ান্ত করে জানানো হবে।

জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন নেসা সিদ্দীকা সংবাদমাধ্যমকে বলেন, নারীরা দলের আমির হতে না পারলেও সংরক্ষিত নারী আসনে যোগ্যদের মনোনয়ন দেওয়া হবে।

উল্লেখ্য, জামায়াতে ইসলামী এর আগে ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন পায় দুটি ও ২০০১ সালে অষ্টম সংসদে পেয়েছিল চারটি আসন। এরপর দলটি তাদের ইতিহাসে এবার ত্রয়োদশ সংসদে সর্বোচ্চসংখ্যক নারী আসন পেতে যাচ্ছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি