ঢাকা, শুক্রবার   ২৪ এপ্রিল ২০২৬

ঢাকার লোডশেডিং যেন সংসদ থেকে শুরু হয়: জামায়াত আমির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩৯, ২৩ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

দেশে চলমান বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকার ঘোষিত ‘লোড ম্যানেজমেন্ট’ বা লোডশেডিং কার্যক্রম জাতীয় সংসদ ভবন এলাকা থেকেই শুরু করার প্রস্তাব দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের বক্তব্যের প্রতিক্রিয়ায় এ কথা জানান তিনি। 

এর আগে জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, পর্যাপ্ত জ্বালানি সরবরাহের অভাবে দেশের বিভিন্ন স্থানে লোডশেডিং হচ্ছে। এ পরিস্থিতি সহনীয় পর্যায়ে আনতে প্রধানমন্ত্রীর পরামর্শে এবং বিরোধীদলীয় নেতার সঙ্গে আলোচনা করে ঢাকায়ও পরীক্ষামূলকভাবে লোডশেডিং চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এরপর অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে বিরোধীদলীয় নেতা সংসদ ভবন থেকেই লোডশেডিং শুরুর প্রস্তাব দেন। তিনি বলেন, ঢাকায় লোড ম্যানেজমেন্টের আওতায় সংসদ যেন থাকে। যদি ঢাকার অন্য অংশে ১ ঘণ্টা বিদ্যুৎ না থাকে, তাহলে সংসদেও যেন ১ ঘণ্টা না থাকে। এখান থেকে লোড ম্যানেজমেন্ট শুরু হলে জনগন বুঝবে আমরা একটা রিফর্মড কান্ট্রি বিল্ড আপ করতে চাচ্ছি। 

এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, সংসদের অধিবেশন বন্ধ করা সম্ভব নয়। পরে শফিকুর রহমান ব্যাখ্যা করে বলেন, তিনি অধিবেশন নয়, সংসদ ভবনের বিভিন্ন দপ্তরে সীমিত লোডশেডিংয়ের কথা বলেছেন।

এমআর// 
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি