ঢাকা, রবিবার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬

নারী সাপোর্ট সেল গড়ে তুলবে বিএনপি: জুবাইদা রহমান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৫, ৮ ফেব্রুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি উপজেলায় নারী সাপোর্ট সেল গড়ে তোলা হবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

রোববার (৮ ফেব্রুয়ারি) গুলশান লেক পার্কে গুলশান বনানী বারিধারা সোসাইটির নারী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান ও তারেক রহমানের কন্যা জাইমা রহমানও উপস্থিত ছিলেন।

জুবাইদা রহমান বলেন, বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনলে নারী সাপোর্ট সেল গড়ে তোলা হবে। যেখানে নারীদের আর্থিক ও অন্যান্য সহায়তা দেয়া হবে। এছাড়া কর্মজীবী নারীদের ক্ষেত্রে সবেতনে ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি নিশ্চিত করা হবে। এ সময় পিতা-মাতার ভরণপোষণ আইনেরও কার্যকর বাস্তবায়ন হবে বলে জানান তিনি।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি উপজেলায় নিরাপদে সন্তান জন্ম দেয়ার ব্যবস্থা করা হবে। মা ও শিশু স্বাস্থ্যসেবার দিকে নজর দেয়া হবে।

নারী শিক্ষা নিশ্চিতের অংশ হিসেবে ও বাল্যবিবাহ বন্ধে নারী শিক্ষার্থীদের বিনামূল্যে স্নাতকোত্তর পর্যন্ত শিক্ষা সম্প্রসারণ করা হবে বলেও আশ্বস্ত করেন তিনি।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি