ঢাকা, বৃহস্পতিবার   ২৭ আগস্ট ২০২৬

নিউইয়র্কে ফেনী জেলা সমিতির বনভোজন অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৫, ২৭ আগস্ট ২০২৬

Ekushey Television Ltd.

নিউইয়র্কের সানকেন মিডো স্টেট পার্কে উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী বনভোজনের আয়োজন করেছে ফেনী জেলা সমিতি ইনক। রোববার (২৩ আগস্ট) অনুষ্ঠিত এ আয়োজনে প্রবাসী ফেনীবাসী পরিবার-পরিজন নিয়ে অংশ নেন।

দিনব্যাপী এ মিলনমেলায় ছিল খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আড্ডা ও নানা বিনোদনমূলক আয়োজন। সকাল থেকে পার্কজুড়ে সৃষ্টি হয় উৎসবের আমেজ। বিভিন্ন বয়সী মানুষ আনন্দ-উচ্ছ্বাসে অংশ নেন নানা আয়োজনে।

বনভোজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সমিতির সভাপতি রফিকুল ইসলাম পাটোয়ারী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মানিক চেয়ারম্যান, আহ্বায়ক নাসির উদ্দিন, প্রধান সমন্বয়ক মেহেদী সাইমুন, সদস্য সচিব তামজিদ আব্দুল্লাহ ও মমিন পাটোয়ারীসহ সংগঠনের নেতৃবৃন্দ।

আয়োজকরা জানান, প্রবাসে বসবাসরত ফেনীবাসীর মধ্যে ঐক্য, সৌহার্দ্য ও পারস্পরিক যোগাযোগ আরও সুদৃঢ় করাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য। একইসঙ্গে নতুন প্রজন্মের সঙ্গে ফেনীর মানুষের সম্পর্ক ও সাংস্কৃতিক বন্ধন আরও শক্তিশালী করাও ছিল আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

বনভোজনে বাংলাদেশ সোসাইটিসহ নিউইয়র্কের বিভিন্ন সামাজিক ও কমিউনিটি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দিনব্যাপী আনন্দ-উচ্ছ্বাস ও পারস্পরিক সৌহার্দ্যের মধ্য দিয়ে শেষ হয় ফেনী জেলা সমিতির এ বনভোজন।


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি