ঢাকা, বুধবার   ০৮ এপ্রিল ২০২৬

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ ৩ বাংলাদেশি নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৩, ৮ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

নিউইয়র্কের আলবেনীতে এক সড়ক দুর্ঘটনায় চার জন নিহত হয়েছেন। তাদের মধ্যে বাবা-ছেলেসহ ৩ বাংলাদেশি রয়েছেন। আহত হয়েছেন একই পরিবারের আরও দু’জন।

স্থানীয় সময় মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় আলবেনীর ক্লেভেরাকের নাইনএইচ এলাকায় হাইওয়েতে দুই কারের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন কুমিল্লার মোহাম্মদ হেরামন (৬০) এবং ছেলে মোহাম্মদ নাজুমল রুবেল (২৯) এবং রুবেলের বন্ধু নড়াইল জেলার ফাহিম আলিম (২৭)। এছাড়া স্টকপোর্টের বাসিন্দা ৬২ বছর বয়সী জুলিয়া রিচি ঘটনাস্থলে নিহত হয়েছেন। তিনি বিপরীত থেকে আসা গাড়ির যাত্রী ছিলেন।

আহত হয়েছেন নিহত হেরামনের মেয়ে ফাতিমা আক্তার এবং ১ বছর বয়সী নাতনী। আহতরা স্থানীয় একটি হাসপাতাল চিকিৎসাধীন রয়েছেন। তারা নিউইয়র্কের ব্রঙ্কসে বাসিন্দা। 

এই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। বিশেষ করে নিহত বাবা হেরামন, ছেলে রুবেল এবং ফাহিম ব্রঙ্কসের বাসিন্দা ছিলেন। তাদের মৃত্যুতে ওই এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে। 

ব্রঙ্কসের বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব শেখ আবুল হোসাইন জানান, নিহত হেরামন এবং রুবেলের তার বাসার দ্বিতীয় তলায় বসবাস করতেন। মঙ্গলবার (৭ এপ্রিল) স্বপরিবারে ব‍্যবসার কাজে বাফেলোতে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই বাবা-ছেলেসহ তিনজন নিহত হন। তিনি জানান তাদের জানাজার নামাজ বুধবার স্থানীয় বায়তুল আমান ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত হবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি