ঢাকা, সোমবার   ২৭ এপ্রিল ২০২৬

প্রজন্মের ভাষাকে অনুধাবনের চেষ্টা করুন: সংসদে হাসনাত আবদুল্লাহ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫৮, ২৬ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

সবাইকে প্রজন্মের ভাষা অনুধাবনের আহ্বান জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, সরকারি দল বিরোধীদল একটি আপেক্ষিক বিষয়, সবাইকে আহ্বান জানাবো প্রজন্মের ভাষাকে অনুধাবনের চেষ্টা করুন।

তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রীর সন্তান যে প্রজন্মের আমরা একই প্রজন্মের, আমি চাইবো আপনারা সবাই আমাদের ধারণ করার চেষ্টা করবেন। শুধু বিএনপি, জামায়াত বা এনসিপির নয় বাংলাদেশের মানুষের স্বপ্ন ও আকাঙ্খা যেন আমরা বাস্তবায়ন করতে পারি। 

রোববার (২৬ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের ২১তম বৈঠকে এসব কথা বলেন এনসিপির এ সংসদ সদস্য। 

কুমিল্লা-৪ আসনের এ সংসদ সদস্য বলেন, মানবাধিকার কমিশনকে বিলুপ্ত করা হয়েছে। বলা হচ্ছে আরও শক্তিশালী করে এ সংসদে পুনরুত্থান করা হবে। সবকিছুই তো সংশোধনের মধ্য দিয়ে যাচ্ছে। যদি নিয়ত সহিহ থাকতো, এ অর্ডিন্যান্স এখানে গ্রহণ করে পরে সংশোধন করা যেত। 

তিনি বলেন, আমি অনুধাবন করতে পারছি এ চেয়ার জনগণ থেকে বিচ্ছিন্নতা তৈরি করে। সংসদের এসি রুমে বসে এসি গাড়িতে চড়ে বাসায় সবসময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা ভোগ করে জনগণের সমস্যা বুঝা যায় না। এ জন্য সংসদে যখন আমরা দাঁড়াই জনগণের সমস্যা অনুধাবন করতে পারিনা।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে চলমান অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করা হচ্ছে। আমরা এমন এক বাংলাদেশে ফিরতে চাই না যেখানে দমনের রাজনীতি চলে।

মতপ্রকাশের স্বাধীনতা চেয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘মতপ্রকাশের স্বাধীনতা আগেও ছিল, আওয়ামী লীগের সময় ছিল—তবে সেটা ছিল কেবল “সহমত” প্রকাশের স্বাধীনতা। আমরা এই পার্লামেন্টের কাছে কেবল মতপ্রকাশের স্বাধীনতা নয়, বরং ‘দ্বিমত” প্রকাশের স্বাধীনতা চাই। আমরা এখানে দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সমালোচনা করতে চাই। আমরা নির্ভয়ে ফেসবুকে লিখতে চাই, আমরা “ব্যাক স্পেস” ব্যবহার করতে চাই না। কিন্তু আবার একটা ভয়ের ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে।’

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি