প্রতিটি শিশুর জন্য খেলার মাঠ ও নিরাপদ শহরের অঙ্গীকার তারেক রহমানের
প্রকাশিত : ১৬:২৮, ৮ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৬:২৯, ৮ ফেব্রুয়ারি ২০২৬
আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষের বিজয় হলে ঢাকা শহরে অন্তত ৪০টি খেলার মাঠ নির্মাণ করা হবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনের বিএনপির প্রার্থী তারেক রহমান।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা-১৭ আসনের ইসিবি চত্বরে আয়োজিত এই সভায় তিনি আগামী দিনের ঢাকা নিয়ে নিজের স্বপ্নের কথা তুলে ধরেন।
তারেক রহমান বলেন, আমি এই মাটিরই সন্তান। আপনাদের মাঝেই আমার বেড়ে ওঠা। তাই এই এলাকার মানুষের সুখ-দুঃখের সাথে আমার নাড়ির টান। আমরা এমন এক ঢাকা গড়তে চাই যেখানে প্রতিটি নাগরিক বুক ভরে শ্বাস নিতে পারবে এবং নিরাপদে বসবাস করবে।
বক্তব্যে তিনি বিশেষ গুরুত্ব দেন আগামী প্রজন্মের সুস্থ বিকাশের ওপর। তিনি ঘোষণা করেন, ঢাকা শহরসহ সারা দেশে অন্তত ৪০টি আধুনিক খেলার মাঠ তৈরি করা হবে, যাতে আমাদের শিশুরা স্মার্টফোনের আসক্তি ছেড়ে মাঠে ফেরার সুযোগ পায়। পাশাপাশি যানজট নিরসনে রাস্তা প্রশস্তকরণ এবং নাগরিক সুবিধা বৃদ্ধির প্রতিশ্রুতিও দেন তিনি।
এলাকার আরেকটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরে তারেক রহমান বলেন, যে সড়কটি রয়েছে, তা দীর্ঘদিন ধরেই প্রশস্তকরণের দাবি রয়েছে। বিএনপি সরকার গঠন করলে মানুষের বসবাস ও নির্বিঘ্ন চলাচলের স্বার্থে ওই সড়কের প্রসার ঘটানো হবে বলেও তিনি আশ্বাস দেন।
আগামী ১২ তারিখের নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে উন্নয়নের এই রূপরেখা বাস্তবায়নের সুযোগ দিতে তিনি মুরুব্বিসহ সকল স্তরের মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানান।
এমআর//
আরও পড়ুন










