ঢাকা, শনিবার   ০৫ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীকে সতর্ক করে কাঁদলেন মির্জা আব্বাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৭, ৫ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৯:২৭, ৫ সেপ্টেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রী তারেক রহমানের সব ভালো কাজগুলো কিছু খারাপ লোকের জন্য ধ্বংস হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সময় কান্নাজড়িত কণ্ঠে প্রধানমন্ত্রীকে সতর্ক থাকার অনুরোধ জানান তিনি।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রীর পাশে বসেই তাকে এ বিষয়ে সতর্ক করেন তিনি।

কান্নাজড়িত কণ্ঠে মির্জা আব্বাস বলেন, ‘এই দলকে আমি অনেক ভালোবাসি। প্রতিষ্ঠাবার্ষিকীর ৪৮ বছরে অনেক কিছু মিস করেছি, কিন্তু কখনো এই অনুষ্ঠান মিস করিনি। সেই জায়গা থেকেই আজও এভাবে এখানে আসা।’

তিনি বলেন, ‘আজকে একটি কথা আমি পরিষ্কার করে বলতে চাই- এই দলের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হচ্ছে, অনেক ষড়যন্ত্র হবে, আপনার বিরুদ্ধেও অনেক ষড়যন্ত্র হবে। আপনি দয়া করে সাবধান থাকবেন। নিঃসন্দেহে আপনি অনেক উদার, তবে সবসময় সব জায়গা এমন যাবে না। বহু কর্মী আছে, নেতা আছে যারা আপনার সামনে অনেক ভালো ভালো কথা বলে, কিন্তু বাইরে এসে ভালো কথা বলে না।’ 

এ সময় কখনো একাকী জিজ্ঞেস করা হলে প্রধানমন্ত্রীকে এ বিষয়ে আরও বিস্তারিত বলবেন বলেও জানান বিএনপির এই সিনিয়র নেতা।

প্রধানমন্ত্রীকে সতর্ক থাকার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘বিষয়গুলো সম্পর্কে আপনার একটু সাবধান হওয়া উচিত। কারণ, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কিন্তু স্বাভাবিক মৃত্যু হয়নি। অবশ্যই দেশনেত্রীর মৃত্যু স্বাভাবিক, বেগম খালেদা জিয়াকে কেউ হত্যা না করলেও যেভাবে মারা গেছেন, সেটি আমাদের কারও কাম্য ছিল না।’

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ইতোমধ্যে বহু প্রশংসার কাজ আপনি করেছেন। কিন্তু বাস্তব কথা হলো- আপনার সব ভালো ভালো কাজগুলো কিছু খারাপ লোকের খারাপ কথায়, খারাপ কাজে ধ্বংস হয়ে যাচ্ছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীকে লক্ষ্য রাখার অনুরোধ জানান তিনি।

এ সময় নেতা-কর্মীদের সঠিক তথ্যগুলো প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করার পাশাপাশি দলের জন্য এক হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি