বিএনপি জাতির সঙ্গে প্রতারণা করে যাত্রা শুরু করেছে: জামায়াত আমির
প্রকাশিত : ১৭:০৪, ১২ এপ্রিল ২০২৬
নতুন করে কেউ ফ্যাসিস্ট হওয়ার পাঁয়তারা করলে তাদের রুখে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিএনপি জাতির সঙ্গে প্রতারণা করে তাদের যাত্রা শুরু করেছে। তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি।
তিনি অভিযোগ করেন, বিএনপি একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করছে।
রোববার (১২ এপ্রিল) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে ‘জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের’ সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
জামায়াতের আমির বলেন, বিএনপি গর্ব করে বলে— একাত্তর, নব্বই ও চব্বিশও তাদের। সবই তাদের, অন্য কারও কিছু নেই। একাত্তরে তো বিএনপির জন্মই হয়নি। তবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। প্রথমবার নিজের পক্ষ থেকে, দ্বিতীয়বার অন্যের পক্ষ থেকে। তিনি যুদ্ধ করেছেন, এজন্য তাকে আমরা অবশ্যই সম্মান করি। কিন্তু এক ব্যক্তির কাছেই যদি সব কৃতিত্ব দেওয়া হয়, তাহলে অন্যান্য যোদ্ধাদের অবস্থান কোথায় থাকে? এটি যুদ্ধকে কুক্ষিগত করার শামিল।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদী আমলেও একই প্রবণতা দেখা গেছে। তখন জিয়াউর রহমানকে পাকিস্তানের দালালসহ বিভিন্নভাবে অপমান করা হয়েছে। এখন আমরা সেই ধরনের রাজনীতি আর দেখতে চাই না।
জামায়াতের আমির বলেন, জনগণের রায়ে সরকার গঠন করতে পারলে তারা নিজেদের প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা দিয়েছিলেন। বিএনপিও ৩১ দফা সংস্কারের কথা বলেছে। এর প্রথম দফাই ছিল সংবিধান সংস্কার। কিন্তু এখন তারা এর বিপক্ষে অবস্থান নিয়েছে। ফলে তারা শুধু জাতির সঙ্গেই নয়, নিজেদের প্রতিশ্রুতির সঙ্গেও বিশ্বাসঘাতকতা করছে।
ডা. শফিকুর রহমান বলেন, বর্তমান সংসদে এমন সদস্য খুঁজে পাওয়া কঠিন, যিনি ফ্যাসিবাদের শিকার হননি। এটি মজলুমদের এক মিলনমেলা। মজলুম তো মজলুমের দুঃখ বোঝার কথা। কিন্তু ক্ষমতার চেয়ারে বসলে মানুষ অনেক সময় অতীত ভুলে যায়। তখন তার সামনে ক্ষমতার মোহই প্রধান হয়ে ওঠে।
এমআর//
আরও পড়ুন










