ঢাকা, মঙ্গলবার   ২৩ জুন ২০২৬

ব্রাজিলে সর্বোচ্চ আক্রান্তের দিনে মৃত্যু ৬১ হাজার ছুঁই ছুঁই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৯, ২ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

প্রাণঘাতি করোনার তাণ্ডবে অসহায় লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে আবারও একদিনে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড হয়েছে। দেশটিতে ইতিমধ্যেই করোনার শিকার সাড়ে ১৪ লাখের বেশি মানুষ। এর মধ্যে না ফেরার দেশে প্রায় ৬১ হাজার ছুঁই ছুঁই। যদিও ভুক্তভোগীদের অর্ধেকের বেশি এখন পর্যন্ত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন। 

শুধু ব্রাজিল নয়, এ অঞ্চলের অন্যান্য দেশগুলোও করোনার ভয়াবহতা দেখছে। ঘটছে প্রতিদিনই রেকর্ড সংক্রমণ। এতে করে করোনাকে বাগে আনতে দেশগুলোর সরকার মানুষকে ঘরে রাখতে চেষ্টা করছেন। কিন্তু অর্থনীতির চাকা সচল থাকা নিয়ে রয়েছে যত দুশ্চিন্তা। ফলে, এমন অবস্থার মধ্যদিয়ে ব্রাজিল, পেরু, চিলি, ইকুয়েডর ও মেক্সিকোর মতো দেশগুলোতে অনেক কিছুই চালু রয়েছে। 

এর মধ্যে ব্রাজিলে সবচেয়ে ভয়াবহ অবস্থা। আক্রান্তদের চিকিৎসা দিতে গিয়ে বেশ বিপাকে পড়তে হচ্ছে চিকিৎসা কেন্দ্রগুলোকে। 

বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৪৪ হাজার ৮৮৪ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে। যা একদিনে সর্বোচ্চ। এতে করে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৪ লাখ ৫৩ হাজার ৩৬৯ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ গেছে ১ হাজার ৫৭ জনের। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ৬০ হাজার ৭১৩ জনে ঠেকেছে। 

আক্রান্ত ও প্রাণহানির তালিকায় অনেক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী রয়েছেন। 

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপে ধ্বংসযজ্ঞ চালানোর পর ভাইরাসটির এখন প্রধানকেন্দ্র ব্রাজিল। যা লাতিন আমেরিকার অন্যান্য দেশগুলোতেও ব্যাপক প্রভাব ফেলেছে। যার ভয়াবহতার শিকার পেরু, চিলি ও মেক্সিকোর মতো দেশগুলো। যার প্রত্যেকটিতে আক্রান্ত লাখ ছাড়িয়েছে। 

এর মধ্যে সবচেয়ে নাজুক অবস্থা পেরুতে। দেশটিতে প্রাণহানি ততটা বেশি না হলেও সংক্রমণ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এখন পর্যন্ত সেখানে আক্রান্ত ২ লাখ ৮৯ হাজারের কাছাকাছি। মৃত্যু হয়েছে ৯ হাজার ৮৬০ জনের। 

এ অঞ্চলের আরেক ভুক্তভোগী চিলিতে আক্রান্ত ২ লাখ ৮২ হাজার পেরিয়েছে। প্রাণ গেছে সেখানে ৫ হাজার ৭৫৩ জনের। 

আর ব্রাজিলের পথেই হাটা মেক্সিকোয় আক্রান্তের সংখ্যা ২ লাখ ৩২ হাজার ছুঁই ছুঁই। আর এখন পর্যন্ত দেশটিতে করোনার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন সাড়ে ২৮ হাজারের বেশি মানুষ।
এআই/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি