যুবসমাজের হাতে সম্মানজনক কাজ তুলে দেওয়া হবে : জামায়াত আমির
প্রকাশিত : ১৮:৪৮, ৬ ফেব্রুয়ারি ২০২৬
পিরোজপুরে নির্বাচনী জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন,যুবসমাজের হাতে সম্মানজনক কাজ তুলে দেওয়া হবে।
পিরোজপুরে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় জেলা স্কুল মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমির ডা. শফিকুর রহমান বলেন, দেশের যুবসমাজকে সঠিক শিক্ষা ও পর্যাপ্ত প্রশিক্ষণ দিয়ে পেশাগতভাবে দক্ষ করে তোলা হবে এবং তাদের হাতে যোগ্য সম্মানজনক কাজ তুলে দেওয়া হবে।
ডা. শফিকুর রহমান আরও আশ্বস্ত করে বলেন, ‘জামায়াত রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশের প্রতিটি শিশুর শিক্ষার দায়িত্ব নেবে রাষ্ট্র এবং মাস্টার্স পর্যন্ত শিক্ষার্থীরা সম্পূর্ণ সরকারি খরচে পড়াশোনা করার সুযোগ পাবে।’ তিনি স্পষ্ট করেন, সরকারি চাকরিতে নিয়োগের একমাত্র মাপকাঠি হবে যোগ্যতা এবং দেশপ্রেম।
নারী ও মায়েদের মর্যাদা, সম্মান ও নিরাপত্তার বিষয়টিও তিনি গুরুত্ব দিয়ে উল্লেখ করেন। ডা. শফিকুর রহমান বলেন, “মায়ের অপমান এই জাতি সহ্য করবে না। ঘর থেকে শুরু করে কর্মস্থল পর্যন্ত নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”
তিনি সকল ধর্ম ও সম্প্রদায়ের প্রতি সমান অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন এবং বলেন, বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান বা উপজাতি বলে কোনো ভেদাভেদ থাকবে না।
জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসেন ফরিদের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, লেবার পার্টি চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর ১, ২ ও ৩ আসনের জামায়াত ও জোট প্রার্থীরা এবং ১১ দলীয় ঐক্যজোটের নেতৃবৃন্দ।
এমআর//
আরও পড়ুন










