ঢাকা, রবিবার   ০৪ অক্টোবর ২০২৬

লালন শাহের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪১, ৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ২১:৪৪, ৪ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

কুষ্টিয়ার কুমারখালীর ছেউড়িয়ায় অবস্থিত বাউল সাধক ফকির লালন শাহের আখড়াবাড়িতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটেছে। আজ রোববার (৪ অক্টোবর) সন্ধ্যার দিকে মাজারের প্রধান ফটকের সামনে এই অতর্কিত আক্রমণ চালানো হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যক্তিগত সফরে কুষ্টিয়া যাওয়ার পর সন্ধ্যার দিকে সঙ্গীদের নিয়ে লালন শাহের মাজার পরিদর্শনে যান নাসীরুদ্দীন পাটওয়ারী। মাজার প্রাঙ্গণ থেকে বের হওয়ার মুখে তিনি যখন ভক্তদের সঙ্গে দাঁড়িয়ে ছবি তুলছিলেন, ঠিক সেই মুহূর্তে কিছু উচ্ছৃঙ্খল যুবক তাকে লক্ষ্য করে ডিম ছুড়ে মারে।

একপর্যায়ে অজ্ঞাত কিছু যুবকের নেতৃত্বে তার ও তার নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয় এবং তারা প্রায় ৩০ মিনিট সেখানে অবরুদ্ধ থাকেন। এই ঘটনাকে কেন্দ্র করে মাজার এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই সংক্রান্ত একটি ভিডিওতে দেখা গেছে, বেশ কিছু লোক ‘ধর, ধর’ বলে নাসীরুদ্দীন পাটওয়ারী ও তার নেতাকর্মীদের তাড়া করছেন এবং তাদের বহনকারী গাড়ির কাচ ভাঙচুর করা হয়েছে।

এই হামলার তীব্র নিন্দা জানিয়ে এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি সরাসরি বিএনপিকে দায়ী করে লিখেছেন, "ঝিনাইদহ ও হবিগঞ্জের পর এবার কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারী ভাইয়ের ওপর বিএনপির হামলা।" এর আগে দেশের আরও দুটি জেলায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর অনুরূপ হামলার ঘটনা ঘটেছিল।

ঘটনার পর কুষ্টিয়ার লালন মাজার এলাকায় পরিস্থিতি থমথমে থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এই হামলার সুনির্দিষ্ট কারণ বা ভিডিওটির সত্যতা নিয়ে স্থানীয় প্রশাসন বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এমএইচ 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি