শাহবাগে ছাত্রদল-ছাত্রশিবির পাল্টাপাল্টি ধাওয়া, থানায় উত্তেজনা
প্রকাশিত : ২২:০২, ২৩ এপ্রিল ২০২৬
রাজধানীর শাহবাগ থানায় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা, হাতাহাতি ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় শুরু হওয়া এ পরিস্থিতি রাত সাড়ে ৯টা পর্যন্ত অব্যাহত ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে কটূক্তিমূলক ছবি পোস্টের অভিযোগে শাহবাগ থানায় মামলা করতে আসে ছাত্রদলের নেতাকর্মীরা। পরে খবর পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কয়েকজন সাংবাদিক, ছাত্রশিবির ও ডাকসুর প্রতিনিধিরাও থানায় উপস্থিত হন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।
এর আগে একই ঘটনায় প্রতিবাদ জানিয়ে সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে ছাত্রদলের নেতাকর্মীরা।
অন্যদিকে, ছাত্রশিবির নেতা আব্দুল্লাহ আল মাহমুদ দাবি করেন, তার নামে ভুয়া স্ক্রিনশট ছড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে। এ বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করতে তিনি ও তার সহযোগীরা থানায় যান।
পরে থানায় দুই পক্ষ মুখোমুখি হলে উত্তেজনা বাড়তে থাকে এবং একপর্যায়ে তা হাতাহাতি ও পাল্টাপাল্টি ধাওয়ায় রূপ নেয়। ছাত্রশিবিরের পক্ষ থেকে অভিযোগ করা হয়, এ সময় থানার ভেতরে ঢুকে ডাকসুর সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মুসাদ্দিকের ওপর হামলা চালানো হয়। এছাড়া ডাকসুর আরেক নেতা এ বি জুবায়ের থানার ভেতরে আটকা পড়েন বলেও দাবি করা হয়।
রাত সোয়া ৮টার দিকে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা থানার সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন।
শাহবাগ থানার পুলিশ জানায়, একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
এমআর//
আরও পড়ুন










