শিক্ষক নিয়োগে ১৮ রায় জালিয়াতি: তদন্ত কমিটি গঠন করলেন আপিল বিভাগ
প্রকাশিত : ১৪:০৯, ২ নভেম্বর ২০২৬
প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে ১৮ মামলার রায় জালিয়াতির ঘটনা তদন্ত করতে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন আপিল বিভাগ।
সোমবার সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।
কিমিটিকে ২৩ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন আদালত। শুনানির দিন ধার্য করেছেন ২৬ নভেম্বর।
এ ঘটনায় আইনজীবী ছিদ্দিক উল্লাহ মিয়াসহ আরও বেশ কয়েকজন আইনজীবীর নাম এসেছে।
এসময় আপিল বিভাগের এজলাস ভরে যায় আইনজীবীদের উপস্থিতিতে। সাম্প্রতিক সময় এত বড় জালিয়াতি আর উন্মোচিত হয়নি।
রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। ছিদ্দিক উল্লাহ মিয়ার পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন, মাহবুব উদ্দিন খোকন, গাজী কামরুল ইসলাম সজলসহ সিনিয়র আইনজীবীরা।
আপিল বিভাগ সংশ্লিষ্ট কোর্টের শিক্ষক নিয়োগ সংক্রান্ত ১৮টি মামলার রায়ই তদন্ত করার নির্দেশ দেন।
এর আগে বৃহস্পতিবার অভিযুক্ত আইনজীবীকে ঢাকা না ছাড়ার নির্দেশ দেন প্রধান বিচারপতি। এ ঘটনায় আপিল বিভাগে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন আইনজীবী ছিদ্দিক উল্লাহ মিয়া।
২০২০ সালের একটি রিট মামলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল বাতিল করে নতুন মেধাতালিকা তৈরির নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। ছিদ্দিক উল্লাহ মিয়ার বিরুদ্ধে অভিযোগ, তিনি মূল আবেদনকারীর বাদ দিয়ে নতুন করে সহ-আবেদনকারী যুক্ত করার ক্ষেত্রে নিয়মিত প্রক্রিয়া অনুসরণ করেননি। এমনকি মূল আবেদনকারীদের বাদ দিয়ে পরবর্তীতে যুক্ত হওয়া আবেদনকারীদের পক্ষে আদেশ দেওয়া হয়।
প্রাথমিক শিক্ষক নিয়োগসংক্রান্ত এমন ৯টি মামলায় জালিয়াতির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এসব রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে লিভ টু আপিল করে।
এদিকে, বিতর্কিত রায় দেওয়া হাইকোর্টের সাবেক বিচারপতি নাঈমা হায়দারের অন্যান্য রায়ও পর্যালোচনা করা প্রয়োজন বলে সর্বোচ্চ আদালতকে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল।
এএইচ
আরও পড়ুন










