ঢাকা, রবিবার   ২৬ এপ্রিল ২০২৬

স্পিকারের কাছে নিজের নিরাপত্তা চাইলেন জামায়াতের এমপি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৪, ২৬ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

নিজের ওপর হামলার ঘটনা জাতীয় সংসদে তুলে ধরে নিজের, পরিবারের ও নেতা–কর্মীদের নিরাপত্তা চেয়েছেন নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফা। তিনি বলেন, ‘হয়তো আজকে আমার জন্য এখানে শোক প্রস্তাব আনতে হতো।’

রোববার (২৬ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনে তিনি এ নিরাপত্তার আবেদন জানান।

মাছুম মোস্তফা বলেন, গত ২৪ এপ্রিল আমি আমার নির্বাচনি এলাকায় সাংগঠনিক ও সামাজিক কার্যক্রম শেষ করে ফেরার পথে একটি ফিলিং স্টেশনে প্রচুর গাড়ির ভিড় দেখতে পাই। আমি ওই ফিলিং স্টেশনে গাড়ি দাঁড় করিয়ে খোঁজখবর নিই। এরপর সেখানেই গাড়ি রেখে নামাজ পড়তে যাই। সেখানে হঠাৎ আমার লোকজনের ওপর বিএনপির কিছু লোক (যারা সন্ত্রাসী) হামলা চালায়। তাদের শারীরিকভাবে নির্যাতন করে। 

তিনি বলেন, এরপর আমি যে মসজিদে ছিলাম সেই মসজিদে গিয়ে আমাকে খুঁজে বের করার চেষ্টা করে। তখন মুসল্লিরা মসজিদের দরজা বন্ধ করে দিলে, হামলাকারীরা মসজিদের দরজা ভাঙতে বিভিন্ন অস্ত্র দিয়ে দরজার ওপর আঘাত করে এবং আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।

এই সংসদ সদস্য আরও বলেন, হামলাকারীরা আমাকে মারার জন্য হুমকি দেয় এবং তারা আমাকে মেরে ফেলার চেষ্টা করে। পরে আমি শুনতে পাই, সেখানে পেশাদার কিলার নেওয়া হয়েছিল।

তিনি বলেন, আমি স্পিকারের কাছে আমার নিরাপত্তা চাই। আমি আমার পরিবার, নেতাকর্মী ও জনগণের নিরাপত্তা চাই।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি