স্বাধীনতা দিবস উপলক্ষে দুস্থদের মাঝে জামায়াতের খাদ্য বিতরণ
প্রকাশিত : ২৩:১৬, ২৫ মার্চ ২০২৬
স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে দুস্থ ও নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (২৫ মার্চ) দুপুরে তেজকুনি পাড়া খেলাঘর মাঠসংলগ্ন উদ্যম প্রচেষ্টা ক্রিকেট প্রাঙ্গণে দলটির তেজগাঁও দক্ষিণ থানা আয়োজিত এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন।
তেজগাঁও দক্ষিণ থানা আমীর ও ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ইঞ্জিনিয়ার নো’মান আহমেদীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বায়তুলমাল সম্পাদক আজিজুল হক, অফিস সম্পাদক ডা. তৌফিক, পূর্ব তেজতুরী বাজার মহল্লার সভাপতি হাজী তোফাজ্জল হোসেন মজুমদার, তেজকুনিপাড়া মসজিদ কমিটির সদস্য সচিব হাবিবুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রায় ৫০০ অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, লাগামহীন মূল্যস্ফীতি জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে। তিনি দাবি করেন, সুশাসনের অভাবে মানুষের মৌলিক অধিকার বিঘ্নিত হচ্ছে এবং অর্থনৈতিক পরিস্থিতি দুর্বল হয়ে পড়ছে।
তিনি আরও বলেন, একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় মানবিক মূল্যবোধ নিশ্চিত করা জরুরি। সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোকে দলের নৈতিক দায়িত্ব হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ সময় তিনি আর্ত-মানবতার কল্যাণে সরকার, রাজনৈতিক দল ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
এমআর//
আরও পড়ুন










