ঢাকা, রবিবার   ১৫ ফেব্রুয়ারি ২০২৬

১০০ দেশ ভ্রমণের লক্ষ্য তরুণ তুর্কী শাকিব উদ্দিনের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩৮, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

আন্তর্জাতিক পরিমণ্ডলে আলোচিত বাংলাদেশি তরুণ উদ্যোক্তা তুর্কী শাকিব উদ্দিন ২০২৬ সালের মধ্যে ১০০ দেশ ভ্রমণের লক্ষ্য নির্ধারণ করেছেন।

ইতোমধ্যে তিনি মালয়েশিয়া, মালদ্বীপ, দুবাই, মিশর, সিঙ্গাপুর, নেপাল, কিরগিজস্তান, আজারবাইজান, তুরস্ক, কাতার, কুয়েত এবং প্রতিবেশী দেশ ভারত ভ্রমণ সম্পন্ন করেছেন।

ঢাকায় জন্ম নেওয়া শাকিব উদ্দিনের বাবা মো. জহির উদ্দিন ভূইয়া ও মা শাহিনূর খানম। সেনা কর্মকর্তা বাবার কর্মস্থলের সুবাদে তিনি ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, টাঙ্গাইল ও ময়মনসিংহ সেনানিবাস এলাকায় বেড়ে ওঠেন। বর্তমানে তিনি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে দীর্ঘদিন ধরে রিয়েল এস্টেট ব্যবসা পরিচালনা করছেন।

ব্যবসায়িক দক্ষতা, বিনিয়োগ ও অর্থনৈতিক অবদানের স্বীকৃতি হিসেবে সংযুক্ত আরব আমিরাত সরকার তাকে সম্মানসূচক দীর্ঘমেয়াদি ‘গোল্ডেন ভিসা’ প্রদান করেছে। এ ভিসাধারীরা পাঁচ থেকে দশ বছর পর্যন্ত দেশটিতে বসবাস, কাজ ও বিনিয়োগের সুযোগ পান।

উদ্যোক্তা হিসেবে শাকিব উদ্দিন সংযুক্ত আরব আমিরাতে তার প্রতিষ্ঠানে বহু বাংলাদেশিকে কর্মসংস্থানের সুযোগ দিয়েছেন বলে জানা গেছে। এতে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এদিকে তার নিজস্ব প্রতিষ্ঠান ‘গ্লোবাল ট্রেড’-এর তত্ত্বাবধানে কক্সবাজারে একটি আন্তর্জাতিক মানের অভিজাত রিসোর্ট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত রিসোর্টটিতে প্রায় ১,০০০টি কক্ষ এবং শতাধিক নাগরিক সুবিধা থাকবে বলে জানানো হয়েছে।

মাসিক কিস্তির ভিত্তিতে মধ্যবিত্ত বিনিয়োগকারীরাও প্রকল্পটিতে অংশ নিতে পারবেন। প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রায় ১০ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রস্তাবিত রিসোর্টে ফাইভ স্টার মানের আবাসন সুবিধার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা, উপাসনালয়, জিমনেশিয়াম, সুইমিংপুল, রেস্তোরাঁ ও শিশুদের বিনোদনকেন্দ্রসহ বিভিন্ন আধুনিক সুবিধা রাখার পরিকল্পনা রয়েছে।

এমআর//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি