ঢাকা, মঙ্গলবার   ০৩ ফেব্রুয়ারি ২০২৬

৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৭, ৩ ফেব্রুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী সোমবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) নির্বাচনী ভাষণ দেবেন। এই ভাষণ প্রচারের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিটিভি কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিকের স্বাক্ষর করা এক চিঠিতে বিটিভির মহাপরিচালককে এই নির্দেশনা পাঠানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সব প্রার্থীর সমান সুযোগ নিশ্চিত করা জরুরি। বিটিভিতে রাজনৈতিক দলগুলোর প্রধানদের প্রচারণার সুযোগ দেওয়া নির্বাচনী পরিবেশ তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা, ২০২৫ অনুসরণ করে এই প্রচার কার্যক্রম পরিচালিত হবে। নিয়মগুলো হলো: রাজনৈতিক দলগুলোর আবেদনের সময়ের ক্রমানুসারে (সিরিয়াল অনুযায়ী) ভাষণের স্লট নির্ধারিত হবে। বিটিভি প্রতিটি দলের প্রধানের জন্য নির্দিষ্ট সময় বা স্লট বরাদ্দ করবে। প্রচারণা রেকর্ডিংয়ের তারিখ ও সময় সংশ্লিষ্ট দলের সঙ্গে আলোচনা করে বিটিভি চূড়ান্ত করবে।

ইসি জানিয়েছে, বর্তমানে বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে বিটিভিতে প্রচারণার আবেদন পাওয়া যায়নি। ফলে বিএনপির চাহিদামত ৯ ফেব্রুয়ারি শেষ স্লটে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য কমিশন নির্দেশ দিয়েছে।

এমআর//
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি