ঢাকা, সোমবার   ০২ নভেম্বর ২০২৬

উত্তরার বারে তাহসিফের সঙ্গে থাকা সেই তরুণী গ্রেপ্তার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৫, ১ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৫:৫৫, ১ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় ‘দিশা’ নামের এক তরুণীকে গ্রেপ্তার করেছে নৌপুলিশ। ঘটনার দিন তিনি তাহসিফের সঙ্গে সোনারগাঁ জনপদের পাশের নেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড বারে ছিলেন। ওই বারের সিসিটিভি ফুটেজে তাদের একসঙ্গে দেখা গেছে।

শনিবার (৩১ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে দিশা নামের ওই তরুণীকে গ্রেপ্তার করা হয় বলে জানান টঙ্গী নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ আহমেদ।

সোনারগাঁ জনপদের পাশের নেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড বারের সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত ১০টা ১৭ মিনিট থেকে ১১টা ৫০ মিনিট পর্যন্ত তাহসিফ ও দিশা সেখানে ছিলেন। তারা একই মোটরসাইকেলে করে বারে আসেন এবং পরে একই মোটরসাইকেলে করে সেখান থেকে চলে যান।

প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডের সাথে ওই নারীর জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে বলেও এই আবেদনে নৌ-পুলিশ উল্লেখ করেছে।

অন্যদিকে এ মামলায় হত্যাকাণ্ডে জড়িত থাকার প্রাথমিক তথ্যপ্রমাণ মেলায় গ্রেপ্তার হওয়া তাহসিফের বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপকে চার দিনের রিমান্ডে নিয়ে নিবিড় জিজ্ঞাসাবাদ শুরু করেছেন তদন্তকারী কর্মকর্তারা। 

নৌপুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানান, তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় তাঁর বন্ধু দীপের সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। রিমান্ডে তাঁকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তদন্তের স্বার্থে এখনই সব তথ্য প্রকাশ করা সম্ভব নয়।

তদন্তসংশ্লিষ্ট এক পুলিশ কর্মকর্তা জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, ঘটনার দিন মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত দেড়টা পর্যন্ত তাহসিফের সঙ্গেই ছিলেন দীপ। ফুটেজ ও গোপন তথ্যে নিশ্চিত হওয়া গেছে যে দীপ তাহসিফকে নিয়ে টঙ্গীর মাজার বস্তি এলাকায় গিয়েছিলেন। কিন্তু সেখান থেকে তাহসিফ আর ফেরেননি; দীপ একাই ফিরে আসেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদেও দীপের বয়ানে চরম অসংগতি পাওয়ায় সন্দেহ আরও ঘনীভূত হয়।

এর আগে বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডের বাসা থেকে দীপকে আটক করে পিবিআই। পরে শুক্রবার রাতে তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম উত্তরখান থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করলে দীপকে গ্রেপ্তার দেখানো হয়। 

২৮ বছর বয়সী তাহসিফ গত মঙ্গলবার সন্ধ্যায় উত্তরার বাসা থেকে নিখোঁজ হন। পরদিন বুধবার বিকেলে টঙ্গীর রাজাবাড়ি ঘাটের কাছে তুরাগ নদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে নৌপুলিশ।

পরিবারের দাবি, ২৭ অক্টোবর রাতে জুনিয়র বন্ধু শাহরিয়ার দ্বীপের ফোন পেয়ে বাসা থেকে বের হয়েছিলেন তাহসিফ। সিসিটিভি ফুটেজেও ওই রাতে তাহসিফের সঙ্গে দ্বীপের উপস্থিতির বিষয়টি সামনে আসে। মরদেহ উদ্ধারের আগের রাতে তাহসিফের সঙ্গে তার বান্ধবী দিশাকেও দেখা যায়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি