ঢাকা, সোমবার   ০২ নভেম্বর ২০২৬

​চবির হীরকজয়ন্তীতে মঞ্চ মাতাবে ‘নগর বাউল’ জেমস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৫, ২ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

​চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৬০ বছর পূর্তি ও 'হীরকজয়ন্তী' উদযাপনকে কেন্দ্র করে ক্যাম্পাসজুড়ে বইছে আনন্দের জোয়ার। আগামী ১৮ই নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া আয়োজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মূল আকর্ষণ হিসেবে মঞ্চ মাতাবেন দেশের জনপ্রিয় রক তারকা 'নগর বাউল' জেমস ও তার ব্যান্ড দল।

​সোমবার (২ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোঃ সফিকুল ইসলাম।

​উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোঃ সফিকুল ইসলাম জানান, বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য একটি আনন্দময় পরিবেশ সৃষ্টি করাই তাদের লক্ষ্য। ১৮ই নভেম্বরের মূল অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক সন্ধ্যায় নগর বাউল জেমস তার পুরো ব্যান্ড নিয়ে সরাসরি পারফর্ম করবেন।

​তিনি আরও জানান, মূল আকর্ষণ জেমসের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সংগীত বিভাগের শিক্ষার্থীরাও তাদের চমৎকার পরিবেশনা নিয়ে মঞ্চে উপস্থিত থাকবেন। চবির নিজস্ব শিক্ষার্থীদের এই পরিবেশনা হীরকজয়ন্তীর সাংস্কৃতিক অনুষ্ঠানে এক ভিন্ন মাত্রা যোগ করবে।

চবি উপ-উপাচার্য (প্রশাসন) বলেন, নগর বাউল এবং জেমস আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকবে। বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তী তথা ৬০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে গত ৩০শে অক্টোবর আমাদের শুভ উদ্বোধনের মাধ্যমে আমাদের রেজিস্ট্রেশন এবং উদযাপনের অন্যান্য কার্যক্রম শুরু হয়েছে। সুতরাং, আমরা এলামনাই এবং আমাদের ছাত্রছাত্রীদের আহ্বান করব—আপনারা নিজে রেজিস্ট্রেশন করুন এবং অন্যদেরও রেজিস্ট্রেশন করতে উৎসাহিত করুন। বিশেষ করে এলামনাই ভাই-বোনদের বলব আপনারা রেজিস্ট্রেশন করুন।

এমএইচ
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি