ঢাকা, শুক্রবার   ০৬ নভেম্বর ২০২৬

ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৮, ৫ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর যাত্রাবাড়ীতে মাদ্রাসাছাত্র আরিফ হোসেন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসির চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক এ আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবীরা বয়স বিবেচনায় কারাগারে সুচিকিৎসার ব্যবস্থা চেয়ে শুনানি করেন।

‎রাষ্ট্রপক্ষের আইনজীবী গ্রেপ্তার দেখানোর পক্ষে শুনানি করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, জুলাই আন্দোলন দমন করাসহ ফ্যাসিস্ট হাসিনাকে সর্বাত্মক সহযোগিতা করেন আসামি। 

উভয়পক্ষের শুনানি শেষে আদালত ইকবাল সোবহানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে, কারাগারে ডিভিশন ও সুচিকিৎসার বিষয়ে জেল কোড অনুযায়ী ব্যবস্থা নেয়ার আদেশ দেন।

এর আগে বুধবার (৪ নভেম্বর) বেলা সাড়ে তিনটার দিকে রাজধানীর মহাখালীতে ডিবিসি কার্যালয় থেকে ইকবাল সোবহান চৌধুরীকে ডিবি কার্যালয়ে নেয়া হয়।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকার বউবাজার রোডে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী মোহাম্মদ আরিফ হোসেন (১৮) নামের এক তরুণ গুলিবিদ্ধ হন। চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আরিফের বাবা মোহাম্মদ ইউসুফ ২০২৪ সালের ২৬ আগস্ট শেখ হাসিনাসহ ২৩৩ জনের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা করেন।

এমএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি