ঢাকা, শুক্রবার   ০১ মে ২০২৬

রাজধানীর নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশে জনতার ঢল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫২, ১ মে ২০২৬

Ekushey Television Ltd.

মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

শুক্রবার (১ মে) দুপুর আড়াইটায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের কার্যক্রম শুরু হয়। বিএনপির শ্রমিক সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করছেন সংগঠনটির সভাপতি আনোয়ার হোসাইন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের।

সমাবেশ ঘিরে সকাল থেকেই নয়াপল্টন ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নির্মাণ করা হয়েছে বিশাল মঞ্চ, যেখানে বিছানো হয়েছে লাল কার্পেট। মঞ্চের দুই পাশে শোভা পাচ্ছে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিকৃতি।

আয়োজকরা জানিয়েছেন, ফকিরাপুল, পল্টন, কাকরাইলসহ আশপাশের এলাকায় স্থাপন করা হয়েছে দেড় শতাধিক মাইক, যাতে সমাবেশের বক্তব্য সহজে শোনা যায়।

সমাবেশ সফল করতে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সকাল থেকেই সমাবেশস্থলে যোগ দিচ্ছেন। এতে নয়াপল্টন সড়ক পরিপূর্ণ হয়ে কাকরাইল থেকে নটরডেম কলেজ পর্যন্ত এলাকায় জনসমাগম ছড়িয়ে পড়েছে।

দীর্ঘ দেড় যুগ লন্ডনে অবস্থানের পর গত বছরের ২৫ ডিসেম্বর দেশে ফেরার পর এই প্রথম শ্রমিক সমাবেশে অংশ নিচ্ছেন তারেক রহমান। এর আগে গত বছর তিনি লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দিয়েছিলেন।

শ্রমিক সমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। অনেকেই লাল ক্যাপ, টি-শার্ট,ও ব্যানার নিয়ে অংশ নেন। স্লোগান ও করতালিতে মুখর হয়ে ওঠে পুরো নয়াপল্টন এলাকা।

এমআর// 


 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি