ঢাকা, শুক্রবার   ১১ সেপ্টেম্বর ২০২৬

অপসংস্কৃতির প্রভাবে দেশে ‘মব সন্ত্রাস’প্রচলিত হয়েছে: জামায়াত আমির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১২, ১১ সেপ্টেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

দেশে দেশীয় সংস্কৃতির চর্চা কমে যাওয়ার কারণে জাতির ওপর অপসংস্কৃতি চেপে বসেছে এবং এরই প্রভাবে 'মব সন্ত্রাস' বা দলবদ্ধ সহিংসতা প্রচলিত হয়েছে বলে দাবি করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাতীয় জাদুঘরে ‘দেশীয় সাংস্কৃতিক সংসদ’ আয়োজিত একটি কাওয়ালী সন্ধ্যা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, পৃথিবীর প্রতিটি জাতিরই নিজস্ব সংস্কৃতি থাকে। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা আমাদের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য থেকে দিন দিন পিছিয়ে পড়ছি। ফলে আমাদের সমাজ ও সংস্কৃতিতে অপসংস্কৃতি জেঁকে বসেছে।

তিনি আরও বলেন, সমাজে যদি সুস্থ সংস্কৃতির বিকাশ সঠিকভাবে নিশ্চিত করা যায়, তবেই একটি জাতির জন্য সুন্দর ও স্বাভাবিক পরিবেশ তৈরি হয়। প্রকৃত সংস্কৃতি মূলত জ্ঞানের এক অপূর্ব মেলবন্ধন।এর আগে, আজ দুপুরে রমনায় ইসলামী ছাত্রশিবির আয়োজিত 'সিরাত পাঠ প্রতিযোগিতা'র পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও অংশ নেন বিরোধী দলের নোতা।

ডা. শফিকুর রহমান বলেন, বর্তমান জাতি চরম চারিত্রিক মূলধনের সংকটে ভুগছে। এই নৈতিক ও চারিত্রিক সংকট থেকে মুক্তি পেতে হলে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবনবোধ, আদর্শ ও শিক্ষা যথাযথভাবে অনুসরণ করতে হবে।

এমএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি