আইনশৃঙ্খলা ও অর্থনীতি সচল করাই আগামী সরকারের বড় চ্যালেঞ্জ: মির্জা ফখরুল
প্রকাশিত : ১৯:৫১, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৯:৫৪, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
আইনশৃঙ্খলা-দুর্নীতি নিয়ন্ত্রণ এবং অর্থনীতি সচল করাই আগামী সরকারের জন্য প্রধান চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে নিজ নির্বাচনি এলাকা ঠাকুরগাঁও থেকে ঢাকায় ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বাইরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব এ কথা বলেন।
নির্বাচনের ফলাফল নিয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে মির্জা ফখরুল বলেন, ‘এই ফলাফল একদিকে আনন্দময়, আরেকদিকে বিষাদময়। আমাদের দলের প্রয়াত চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই অভূতপূর্ব বিজয় দেখে যেতে পারলেন না, এটা বিষাদময়।’
তিনি বলেন, ‘অনেক শত-সহস্র রক্তের বিনিময়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পরে একটি চমৎকার, উৎসবমুখর ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমি ব্যক্তিগতভাবে অভিভূত ও মুগ্ধ। এই ধারাবাহিকতা যদি আমরা রাখতে পারি, তাহলে গণতন্ত্রের ধারাবাহিকতাও রক্ষা করতে পারব।’
আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন অনুষ্ঠিত হওয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আওয়ামী লীগের ব্যাপারে ইতিমধ্যে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে, তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। পরবর্তীকালে বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট থেকে পরবর্তী সিদ্ধান্ত আসবে।’
উল্লেখ্য, এয়োদশ সংসদ নির্বাচনে ২৯৯ আসনে বিএনপি ২০৯ আসনে বিজয়ী হয়েছে। সংখ্যাগরিষ্ঠতা লাভ করায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী সরকার গঠন করবে।
এমআর//
আরও পড়ুন










