ঢাকা, বুধবার   ২৭ মে ২০২৬

আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যুর ঘটনায় জামায়াতের শোক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১২, ২৭ মে ২০২৬

Ekushey Television Ltd.

রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছয় নবজাতক শিশুর মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (২৭ মে) দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ারএক বিবৃতিতে এ শোক জানান।

বিবৃতিতে তিনি বলেন, ‘আজ ২৭ মে বুধবার ভোরে রাজধানীর মগবাজার আদ-দ্বীন হাসপাতালে মাত্র এক-দুই দিন বয়সী ছয়টি নিষ্পাপ নবজাতকের মৃত্যুর ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক, মর্মস্পর্শী ও অত্যন্ত করুণ। ফুটফুটে এই শিশুদের হারিয়ে তাদের পিতা-মাতা ও পরিবারের যে অপূরণীয় ক্ষতি হলো, তা কোনো সান্ত্বনা দিয়েই পূরণ করা সম্ভব নয়। এই অবর্ণনীয় দুঃসংবাদে পুরো দেশবাসীর সাথে আমিও গভীরভাবে স্তম্ভিত ও শোকাহত।’

তিনি আরও বলেন, ‘হাসপাতাল কর্তৃপক্ষের প্রাথমিক ধারণা অনুযায়ী এসি’র গ্যাস লিকেজ বা অন্য কোনো কারিগরি ত্রুটির কারণে এই ভয়াবহ ট্র্যাজেডি ঘটে থাকতে পারে। চিকিৎসালয়ের মতো একটি নিরাপদ জায়গায় এমন মৃত্যুর ঘটনা কোনোভাবেই কাম্য নয়। আমি দ্রুত ও নিরপেক্ষভাবে তদন্ত কমিটি গঠন করে এই ঘটনার আসল কারণ উদঘাটন করার আহ্বান জানাচ্ছি। যদি তদন্তে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো ধরনের অবহেলা, ত্রুটি বা দায়িত্বহীনতার প্রমাণ মেলে, তবে দায়ীদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘মহান আল্লাহ তায়ালার দরবারে শোকসন্তপ্ত পিতা-মাতা ও পরিবার-পরিজনের জন্য গভীর সমবেদনা প্রকাশ করছি। আমি পরম করুণাময় আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন এই নিষ্পাপ শিশুদের জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করেন এবং তাদের পিতা-মাতাকে এই কঠিন সময়ে সবরে জামিল দান করেন।’

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি