ঢাকা, বৃহস্পতিবার   ০৫ ফেব্রুয়ারি ২০২৬

আমরা দুর্নীতি করবো না কাউকে করতে দিবোও না: জামায়াত আমির

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১৪:১৩, ৫ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৪:১৪, ৫ ফেব্রুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

আমরা কোন দুর্নীতি করব না কাউকে করতে দিবোও না উল্লেখ করে জামায়াতে ইসলামীর আমির ড.শফিকুর রহমান বলেছেন, বিগত সময়ে চুরি করে ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে চোরেরা। আল্লাহ যদি আমাদের ক্ষমতায় আনে তাহলে তাদের কাউকে শান্তিতে থাকতে দিব না। 

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নওগাঁ শহরের এটিএম মাঠে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের আয়োজনে নির্বাচনের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

জামায়াতের আমীর বলেন, যারা দুর্নীতিবাজ, ঋণ খেলাপিদের হাতের বগলে নিয়ে রাজনীতি করে তাদেরকে আপনারা ভোট দেবেন, নাকি যারা এ দেশে মেয়ের পক্ষে হকের পক্ষে ইনসাফের পক্ষে কাজ করবে তাদের পক্ষে আপনারা ভোট দেবেন।

তিনি বলেন, এদেশের মানুষ পুরানা পচা রাজনীতি আর চায়না, পরিবার ব্যক্তি কেন্দ্রিক রাজনীতি চায়না, দলীয় সরকার দেখতে চায় না, জনগণের সরকার দেখতে চায়। 

জামায়াতের আমির নির্বাচনী জনসভায় বলেন, আমরা মায়েদের সম্মান করলে,আল্লাহ আমাদের সম্মানিত করবে। তাই মায়েদের সম্মান করতে হবে। রাষ্ট্র গঠন উন্নয়নে অবদান রাখার জন্য নারীদের গুরুত্ব দেয়া হবে। 

তিনি আরও বলেন, আমি জামায়েত ইসলামীর বিজয় চাই না, আমি চাই দেশের ১৮ কোটি মানুষের বিজয়। ১৮ কোটি মানুষের বিজয় হলে এর অংশীদার হবো সবাই। কোন দলীয় ও পারিবারিক বা গুষ্টিগত সরকার আর এ দেশে দেখতে চাই না। ওরা ব্যাংক ডাকাতি করেছে, শেয়ার মার্কেট লুট করেছে, দুর্নীতির মহারাজ্যে পরিণত করেছে। ওই শাসন আর দেখতে চাই না। এখন চাই জনগণের শাসন। এখন চাই ঐক্যের শাসন। এখন চাই ঐক্যবদ্ধ বাংলাদেশ। 

আগামী ১২ তারিখে নির্বাচনে ১১ জোটের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, চার চারটি নির্বাচনে মনের মত করে ভোট দিতে পারেন নাই। যুব সমাজ জীবনে একটা ভোট দিতে পারে নাই। কোন ভোট ডাকাত আসলে ছেড়ে দিবেন না। 

জামায়াতের আমির এলাকার উন্নয়নের কথা বলতে গিয়ে বলেন, নওগাঁসহ উত্তরবঙ্গ একটি কৃষি প্রধান এলাকা। পুরো উত্তারাঞ্চলকেই কৃষি শিল্পের রাজধানী বানানো হবে। ধান-আম গবেষনায় আলাদা ইন্সটিটিউট হবে। এখানকার শিক্ষিত যুবকদের হাতে কাজ তুলে দেয়া হবে। যাতে তারা বাড়ির খেয়ে পরে উপার্জন করতে পারে। 

তিনি বলেন, জামায়াতকে যুগ যুগ ধরে বিভিন্ন ভাগে ভাগ করে পরস্পরের মুখোমুখি করে রাখা হয়েছে। কিন্তু এখন আর তা হতে দেয়া হবে না। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম; এই দেশ সকলের। সকলেরই অবদান আছে এই দেশের জন্য। 

বিএনপিকে উদ্দেশ্য করে শফিকুর রহমান বলেন, গত ৫ দিন আামার উপর মিশাইল মারা হয়েছে। তার এক্স হ্যান্ডেল হ্যাক্ড করে যারা পরিস্থিতি ঘোলা করার চেষ্টা করেছিল তারা ধরা পড়েছে। কিন্তু এক সাথে আন্দোলনের সহযোদ্ধারাও আজ এই মিথ্যাচার নিয়ে প্রপাগান্ডা ছড়াচ্ছেন। 

জেলা জামাতের আমির খ ম আব্দুর রাকীবের সভাপতিত্বে জনসভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকসুর জিএস  এস এম ফরহাদসহ জামাত নেতৃবৃন্দ ছাড়াও ১১ দলীয় জোটে নেতারা বক্তব্য রাখেন।

এ সময় জামাতের আমির নওগাঁর ৬টি সংসদীয় আসনে জামায়াত মনোনীত ৬ প্রার্থীর হাতে দাঁড়ি পাল্লা প্রতীক তুলে তাদের পরিচয় করিয়ে দেন। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি