এক দিনে হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু
প্রকাশিত : ১৭:৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৬
সারা দেশে এক দিনে হামের উপসর্গ নিয়ে আরও আট শিশু মারা গেছে। এ নিয়ে মৃতের সংখ্যা পৌঁছালো ৯৩০ জনে। সেই সঙ্গে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০০ জনের।
সোমবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, এক দিনে নিশ্চিত হামে কারও মৃত্যু না হলেও সন্দেহজনক হামে আটজন মারা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম-সংক্রান্ত রোগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৩০ জনে।
এছাড়া, নতুন করে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৫৫ জনের। একই সঙ্গে নতুন সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছে এক হাজার ১৭৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগী পাওয়া গেছে এক লাখ ৭২ হাজার ৭২০ জন। অন্যদিকে, একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ২০ হাজার ১২৪ জন।
এসময় নিশ্চিত হামে সবচেয়ে বেশি ৬৩ রোগী মারা গেছে ঢাকায়। এছাড়া বরিশালে ১৯, চট্টগ্রামে ১০, সিলেট ও রাজশাহীতে তিনজন করে এবং ময়মনসিংহে দুজন মৃত্যুবরণ করেছে।
সেই সঙ্গে সন্দেহজনক হামেও সবচেয়ে বেশি ৪১৯ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। সিলেটে ১৬১, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৭৭, চট্টগ্রামে ৭০, বরিশালে ৫৭, খুলনায় ৩৯ ও রংপুরে ১৪ জন প্রাণ হারিয়েছে।
এমএইচ










