ঢাকা, শুক্রবার   ১৭ এপ্রিল ২০২৬

গণমিছিলসহ ১১ দলীয় জোটের তিন দিনের কর্মসূচি ঘোষণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫০, ১৬ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দ্বিতীয় দফায় নতুন কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় জোট। গণমিছিলসহ সারা দেশে তিন দিনের কর্মসূচি পালন করবে জোটটি।

আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে এক সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ কথা জানান।

তিনি জানান, আগামী ১৮ এপ্রিল ঢাকায় গণমিছিল করবে জামায়াত ও এনসিপিসহ ১১ দলীয় জোট। ২৫ এপ্রিল ঢাকার বাইরে সব বিভাগীয় জেলায় গণমিছিল করবে তারা। এ ছাড়া ২ মে সব জেলায় গণমিছিল করা হবে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, জাতীয় নির্বাচন ও গণভোটের মাধ্যমে দেশের মানুষ যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন পূরণ হয়নি। দেশের মানুষের গণরায় বর্তমান সরকার উপেক্ষা করে দেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে৷ জনগণের পক্ষে হওয়া আন্দোলন দমনে সরকার যে হুমকি দিচ্ছে তা ফ্যাসিবাদী ও অসাংবিধানিক আচরণ। 

আন্দোলন দমনে পতিত সরকারের মতো আচরণ করলে পরিণতিও তাদের মতোই হবে বলে হুশিয়ারি দেন জামায়াতের সেক্রেটারি।

তেল সংকট, হাম সংক্রমণ পরিস্থিতি সামাল দিতে সরকার ব্যর্থ হয়েছে বলে দাবি করেন তিনি। প্রশাসনে ফ্যাসিবাদী কায়দায় নির্লজ্জভাবে দলীয়করণ করা হচ্ছে বলেও অভিযোগ করেন পরওয়ার।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি