চাঁদাবাজির বিরুদ্ধে এমপি শিমুল বিশ্বাসের কঠোর বার্তা
প্রকাশিত : ১৫:১৮, ২২ ফেব্রুয়ারি ২০২৬
পাবনার-৫ (সদর) আসনে বিপুল ভোটে বিজয়ী হয়ে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর নিজ নির্বাচনী এলাকার চাঁদাবাজ ও অনৈতিক সুবিধাবাদীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও কেন্দ্রীয় শ্রমিকদলের প্রধান সমন্বয়ক অ্যাড. শামসুর রহমান শিমুল বিশ্বাস।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে এক ফেসবুক পোস্টে এসব কথা বলেন তিনি।
অ্যাডভোকেট শামছুর রহমান পোস্টে বলেন, দীর্ঘদিন পর নানা বাধা ও অপপ্রচার মোকাবেলা করে দেশের মানুষ স্বাধীনভাবে ভোট দিয়েছে এবং সেই রায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করেছে। জনগণের এ আস্থা ও ম্যান্ডেট গভীর দায়িত্ববোধের সাথে গ্রহণ করেছে দল ও নেতাকর্মীরা।
তিনি বলেন, আমার নির্বাচনী এলাকা পাবনা-৫-সহ জেলার কোথাও চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন, প্রভাব খাটিয়ে সুবিধা নেওয়া বা সাধারণ মানুষকে হয়রানির কোনো সুযোগ থাকবে না। সম্প্রতি কিছু ব্যক্তি আমার বা দলের নাম ব্যবহার করে অবৈধ সুবিধা দাবি করছে বলে অভিযোগ উঠেছে। এসব কর্মকাণ্ডে আমার কোন সংশ্লিষ্টতা নেই।
তিনি আরও বলেন, এ ধরনের ঘটনায় কেউ অর্থ দাবি করলে বা প্রভাব বিস্তারের চেষ্টা করলে দ্রুত স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানাই। একই সঙ্গে প্রশাসনকে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি।
শামছুর রহমান বলেন, তারেক রহমান-এর নেতৃত্বাধীন সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। কোনো অপরাধ বা অন্যায়ের ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় কখনো ঢাল হতে পারবে না এবং আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য হবে।
এমআর//
আরও পড়ুন










