জ্বালানির দাম বাড়িয়ে জনগণের ওপর জুলুম করা হয়েছে: জামায়াত আমির
প্রকাশিত : ১৪:৩২, ২ জুন ২০২৬
এক মাসের ব্যবধানে জ্বালানি তেলের দাম বাড়ানোকে জনগণের ওপর জুলুম বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (২ জুন) দুপুরে সিলেটের সোনাতলা এলাকায় নির্যাতনে নিহত শিশু ফাহিমার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, মূল্য বৃদ্ধি করতে হলে তা সংসদে আলোচনা করে করা উচিত ছিল। কিন্তু জনগণ ঘুমিয়ে থাকার সময়ে রাতের আঁধারে তেলের দাম বাড়ানো হয়েছে, যা জনগণের সঙ্গে প্রতারণার শামিল।
দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, দেশ ভালো নেই, জনগণের প্রত্যাশার বিপরীতে দেশ পরিচালিত হচ্ছে।
তিনি আরও বলেন, শিশু ফাহিমা হত্যার ঘটনায় গভীর শোক প্রকাশ করছি এবং দোষীদের দ্রুত বিচার নিশ্চিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
শিশু ফাহিমা হত্যা মামলার বিচার প্রসঙ্গে জামায়াত আমির বলেন, বিচার যদি দীর্ঘসূত্রিতার দিকে যায়, তাহলে আমরা ধরে নেব এই বিচার আর হবে না। রামিসা হত্যাকাণ্ডের বিচারের মতো ফাহিমা হত্যার বিচারও ১৫ দিনের মধ্যে সম্পন্ন করার বিষয়ে সরকারকে নিশ্চয়তা দিতে হবে।
এ সময় তিনি একদিনের সফরে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে সিলেটে অবস্থান করছেন বলে জানা যায়। স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা তার সঙ্গে উপস্থিত ছিলেন।
এমআর//
আরও পড়ুন










