ঢাকা, বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬

টাকা উদ্ধারের নামে ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ হচ্ছে: আসিফ মাহমুদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২৩, ১১ ফেব্রুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

বিভিন্ন দলের নেতাদের টাকা উদ্ধার অভিযানের নামে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে এনসিপির এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, ১৮ বছর পর এ দেশের মানুষ ভোট দেওয়ার স্বপ্ন দেখছে। নির্বাচন নিয়ে মানুষের আগ্রহ ও উদ্দীপনা দেখা যাচ্ছে। কিন্তু এই নির্বাচনের প্রাক্কালে মিসইনফরমেশন, ডিসইনফরমেশন ও পক্ষপাত দেখা যাচ্ছে। এ ছাড়া বিভিন্ন দলের নেতাদের টাকা উদ্ধারের নামে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ চলছে।

আসিফ মাহমুদ বলেন, ‘নির্বাচন কমিশন কেন্দ্র থেকে মাঠপর্যায় পর্যন্ত অনেকক্ষেত্রে নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছে না। টাকা পরিবহন করার কারণে হেনস্তা করা হচ্ছে। স্থানীয় প্রশাসন এক্ষেত্রে বায়াজড। তারা নাটক মঞ্চায়ন করছে।’

তিনি বলেন, ‘আরপিওর অপব্যাখ্যা ও অপপ্রয়োগ করে ১১ দলীয় জোটের প্রার্থীদের হেনস্তা করা হচ্ছে। একসঙ্গে যোগসাজশে আমাদের বিরুদ্ধে বাড়িয়ে বাড়িয়ে নিউজ করে ন্যারেটিভ প্রতিষ্ঠা করা হয়। এর প্রতিবাদ জানাই।’

এনসিপি নেত্রী মনিরা শারমিন তথ্য সন্ত্রাসের অভিযোগ তুলেছেন। সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, তথ্য সন্ত্রাস মেনে নেওয়া হবে না। মূলধারার গণমাধ্যম বিএনপির প্রপাগান্ডা প্রচার করছে বলেও অভিযোগ তোলেন তিনি। এ সময় ভোটারদের নিরাপত্তা চান মনিরা শারমিন।

এমআর//


 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি