ঢাকা, সোমবার   ২৬ অক্টোবর ২০২৬

ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা চাইলেন আওয়ামীপন্থী ২ আইনজীবী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৪, ২৬ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

আদালত অবমাননার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সশরীরে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন দুই আওয়ামীপন্থী আইনজীবী।

সোমবার (২৬ অক্টোবর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চান তারা।

ওই দুই আইনজীবীর হাজিরাকে কেন্দ্র করে ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। আইনজীবীদের প্রবেশের ক্ষেত্রেও আরোপ করা হয়েছে কড়াকড়ি।

সকালে দুই আইনজীবী হাসানুজ্জামান তুষার ও হাসান চৌধুরী ট্রাইব্যুনালে হাজির হন। তাদের বিরুদ্ধে আনা আদালত অবমাননার অভিযোগের শুনানি শেষে বিষয়টি কতটা গুরুতর, সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন ট্রাইব্যুনাল।

মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়কে ‘ক্যাঙারু কোর্টের রায়’ বলে মন্তব্য করেছিলেন ওই দুই আইনজীবী।

এর আগে গত ২৩ সেপ্টেম্বর এ মামলার শুনানির দিন ধার্য ছিল। তবে একজন বিচারক অসুস্থ থাকায় শুনানি পিছিয়ে দেওয়া হয়। সেদিনও আদালত অবমাননার অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে ট্রাইব্যুনালে হাজির হয়েছিলেন অভিযুক্ত দুই আইনজীবী। তাদের সঙ্গে আওয়ামীপন্থী আরও কয়েকজন আইনজীবী এলেও নিরাপত্তার কারণে তাদের সবাইকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।

মামলার সূত্রে জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর ওবায়দুল কাদের, নাছিম, আরাফাতসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিরূপ মন্তব্য করেন ওই দুই আইনজীবী। এর পরিপ্রেক্ষিতে ১৬ সেপ্টেম্বর তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে প্রসিকিউশন।

সেদিন প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়, অভিযুক্ত দুজন আইনজীবী হওয়ায় রায় নিয়ে তাদের বিরূপ মন্তব্য সাধারণ মানুষের মধ্যে আদালত সম্পর্কে বিভ্রান্তিকর ধারণা তৈরি করতে পারে। এ কারণেই তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি