সংবাদ সম্মেলনে নাসীরুদ্দীন পাটওয়ারী
ডিম আমার চোখে এসে লাগে, আমি অন্ধকার দেখছিলাম
প্রকাশিত : ২৩:১১, ২৬ মে ২০২৬
ঝিনাইদহে হামলার ঘটনায় বিএনপি, ছাত্রদল, যুবদল ও পুলিশের সংশ্লিষ্টতার অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
তিনি বলেন,‘মসজিদ থেকে বের হওয়ার পরই আমার ওপর ডিম ছুড়ে মারা হয়। ডিম আমার চোখে এসে লাগে, আমি চোখে অন্ধকার দেখছিলাম। পাশ থেকে একজন জানাল যে ডিম ছুড়ে মারা হয়েছে। এরপর তারা ইটপাটকেল নিক্ষেপ করা শুরু করে। তারপর আমাদের সহযোদ্ধাদের ওপর হকি স্টিক ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রক্ষীবাহিনীর মতো করে ঝাঁপিয়ে পড়ে।’
মঙ্গলবার (২৬ মে) বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। ‘ঝিনাইদহে বিএনপির সন্ত্রাসীদের হামলা ও মামলার প্রহসন’ শীর্ষক এ সংবাদ সম্মেলনে সমসাময়িক বিভিন্ন বিষয়েও দলের অবস্থান তুলে ধরা হয়।
নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, ‘হামলার পর থানায় গেলেও পুলিশ শুরুতে মামলা নিতে অস্বীকৃতি জানায়। তিনি বলেন, “বিদ্যুতের লাইন বন্ধ করে দেওয়া হয়েছিল। প্রায় ছয় ঘণ্টা বিদ্যুৎ ছিল না। পরে একপর্যায়ে তারা মামলা নিতে বাধ্য হয়।’
তিনি আরও দাবি করেন, ‘মামলা করে থানা থেকে বের হওয়ার সময় কয়েক হাজার মানুষ থানার ফটক ভাঙার চেষ্টা করে। এ সময় পুলিশ পেছনে সরে যায় এবং পরে হামলাকারীদের সঙ্গে সমঝোতার চেষ্টা করে।’
দেশে আইনের শাসন নেই অভিযোগ করে এনসিপির এই নেতা বলেন, ‘সংস্কার বাস্তবায়ন, জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলায় আমাদের ওপর হামলা চালানো হচ্ছে।’
সরকারের উদ্দেশে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমাদের ওপর অন্যায়ভাবে হামলা-মামলা হলে আমরা পাঁচ বছরের জন্য প্রস্তুত আছি। কিন্তু সরকার পাঁচ বছর টিকবে কি না, সেই নিশ্চয়তা আমরা দিতে পারছি না।’
দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তার দাবি, সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে এবং এই অস্থিতিশীলতার সুযোগে ‘তৃতীয় কোনো পক্ষ’ সক্রিয় হওয়ার আশঙ্কা রয়েছে।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ সময় এনসিপির যুগ্ম সদস্যসচিব আলাউদ্দীন মোহাম্মদ, এস এম সাইফ মোস্তাফিজসহ দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
এমআর//
আরও পড়ুন










