ঢাকা, শুক্রবার   ০৭ আগস্ট ২০২৬

দেশের গণমাধ্যম এখনও পুরোপুরি স্বাধীন নয়: জামায়াত আমির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৭, ৭ আগস্ট ২০২৬

Ekushey Television Ltd.

দেশের গণমাধ্যমগুলো এখনও পুরোপুরি স্বাধীন নয়, এমন মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ থাকতে হবে।

শুক্রবার (৭ আগস্ট) সকালে বাগেরহাট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বিরোধীদলীয় নেতা এসব  কথা বলেন।

তিনি বলেন, গণমাধ্যমকে সাদা কে সাদা, কালোকে কালো বলতে হবে। আমার যদি কোন ভুল থাকে সেটাও বলতে হবে। অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি, মাস্তানি, আধিপত্য বিস্তার ও ক্ষমতার অপব্যবহার এসব ব্যাপারে গণমাধ্যম কর্মীদের কাছে সুনির্দিষ্ট তথ্য থাকলেও এখনও তারা স্বাধীনভাবে সেগুলো প্রচার করতে পারছেন না।

জুলাই সনদ ইস্যুতে জামায়াত আমির বলেন,  সরকার এবং আমরা এখনো আমরা দুই মেরুতে রয়েছি। দেশের ৭০ ভাগ মানুষের রায়কে অবশ্যই সম্মান করতে হবে। কোনো অবস্থাতেই অপমান করতে দেওয়া হবে না। 

শেখ হাসিনা প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। অসংখ্য মায়ের বুক খালি করেছে, গুম করেছে। এখন পর্যন্ত আওয়ামী লীগ দুঃখ প্রকাশ করেনি। সামান্য অনুশোচনাও নেই। সীমান্তের ওপারে বসে উস্কানি অব্যাহত রেখেছে। এরকম একটা দল, যারা গুম করলো, খুন করলো, পঙ্গু করলো। একটা জেনারেশন যাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেলো। তারা আবার কোনো ধরনের অনুশোচনা ছাড়া রাজনীতিতে ফিরতে চায়। সরকারের উচিত নিজ দায়িত্বে তাকে দেশে এনে বিচারের ব্যবস্থা করা।

বিরোধীদলের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, এক সময় সংসদে মারামারি হয়েছে। ফাইল ছুঁড়ে মারা হয়েছে। একে অন্যের দিকে তেড়ে গেছে। অশ্লীল অশ্রব্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। আমরা সে পার্লামেন্ট চাই না। আমরা একটা সভ্য জগতের পার্লামেন্ট দেখতে চাই। এজন্য প্রথম দিন থেকে বিরোধীদল হিসেবে আমাদের ভূমিকা ছিল গঠনমূলক। যা আমরা অব্যাহত রাখব। কোনো উস্কানিতেই এ জায়গা থেকে আমরা সরে আসবো না।

বাগেরহাট জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মাওলানা মো. মশিউর রহমান, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীমসহ জেলা জামাতের বিভিন্ন পর্যায়ের নেতারা।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি