ঢাকা, সোমবার   ২০ এপ্রিল ২০২৬

পাবনা-সিরাজগঞ্জ থেকে বিএনপির মনোনয়ন পেলেন অ্যাডভোকেট রুমা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৫, ২০ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

পাবনা-সিরাজগঞ্জ অঞ্চল থেকে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা।

সোমবার (২০ এপ্রিল) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এ তথ্য নিশ্চিত করেছেন।

আরিফা সুলতানা রুমা পাবনার চাটমোহর উপজেলার আফ্রাতপাড়া মহল্লার বাসিন্দা। তিনি প্রয়াত বিএনপি নেতা আক্কাস আলী মাস্টারের মেয়ে।

রাজনৈতিক জীবনে তিনি ইডেন মহিলা কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন। বর্তমানে তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

দলীয় সূত্র জানায়, গত দেড় দশকে বিএনপির আন্দোলন-সংগ্রামে তার সক্রিয় অংশগ্রহণ ছিল। বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে গিয়ে তিনি পুলিশের বাধা, হামলা ও মামলার মুখোমুখি হয়েছেন। ২০১৮ সালে একটি মামলায় কারাভোগও করেন বলে জানা যায়।

স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন, রাজপথের আন্দোলনে ধারাবাহিক সক্রিয়তা ও দলীয় আনুগত্যের স্বীকৃতি হিসেবেই তিনি এ মনোনয়ন পেয়েছেন। সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) এলাকায় নারী জাগরণে তার ভূমিকার কথাও উল্লেখ করেন তারা।

মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় আরিফা সুলতানা রুমা দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তিনি দীর্ঘদিন ধরে দলের কর্মসূচিতে সক্রিয় রয়েছেন এবং ভবিষ্যতেও সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি এলাকার উন্নয়নে কাজ করতে চান।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ভোটগ্রহণ আগামী ১২ মে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে গত ৮ এপ্রিল নির্বাচন কমিশন (ইসি) তফসিল ঘোষণা করে। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল এবং মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে ২২ ও ২৩ এপ্রিল।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি